
স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ ফুটবলে আজ শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া একমাত্র গোলটি করেছেন ম্যাথু চিনেডু। ৩২ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চিনেডুর গোল। লিগে জামালের এটি তৃতীয় জয়।
১১ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের (১২ পয়েন্ট) পরে দ্বিতীয় স্থানে তারা। সিলেটে মোহামেডানের বিপক্ষে জিতে আবাহনীর (১০ পয়েন্ট) অবশ্য শীর্ষে উঠে যাওয়ার সুযোগ আছে। জামালের আগের দুটি ম্যাচই ড্র ছিল। সর্বশেষটি সিলেটেই রহমতগঞ্জের সঙ্গে ৩-৩ গোলে। ২-০ তে এগিয়ে গিয়েও ম্যাচটি তারা জিততে পারেনি। সে হিসেবে আজ রাসেলের বিপক্ষে তাদের জয়ে ফেরা। রাসেলের এটি টানা দ্বিতীয় হার। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগের ম্যাচটি হেরেছে তারা আবাহনীর কাছে। ৫ ম্যাচে ১ জয় ও দুই ড্রয়ে রাসেলের পয়েন্ট ৫। পয়েন্ট টেবিলে আছে তারা সপ্তম স্থানে।
কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭