আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে আঘাত হানা এ ভূমিকম্পে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। তুষারঝড় উপেক্ষা করে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভূ-পদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির আঞ্চলিক শাখার বিবৃতিতে বলা হয়, কামচাটকা অঞ্চলের রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭২ কিলোমিটার (৪৪ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় ছিল গভীর রাত। হঠাৎ কম্পনে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। তুষারঝড়ের মধ্যেও নিরাপত্তার জন্য অনেকেই নিজেদের অ্যাপার্টমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০