স্পোর্টস ডেস্ক : নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে ইংল্যান্ডের সাবেক ফুটবলার রাহিম স্টার্লিংকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এখনই জেলে যেতে হচ্ছে না ফেইনুর্দের এই উইঙ্গারকে। তার সাজা ১৮ মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী দুই বছর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১০০ ঘণ্টার অবৈতনিক সামাজিক কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৮ মে সকালে দক্ষিণ ইংল্যান্ডের এম২৫ ও এম৩ মোটরওয়েতে। ব্যস্ত সড়কে ল্যাম্বরগিনি চালানোর সময় নাইট্রাস অক্সাইড গ্রহণ করছিলেন স্টার্লিং। এ সময় তার গাড়ি একাধিকবার বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করে। একপর্যায়ে সড়কের মাঝের বিভাজকের সঙ্গেও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
ঘটনার একটি ড্যাশক্যাম ভিডিওতে স্টার্লিংয়ের গাড়ির বিপজ্জনক গতিবিধি ধরা পড়ে। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, গাড়ি চালানোর সময় বড় একটি বেলুন থেকে গ্যাস গ্রহণ করছিলেন তিনি। বেলুনটি তার সামনের দৃশ্য দেখার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছিল। প্রত্যক্ষদর্শীর ভাষায়, গাড়ি চালানোর ধরন ছিল ভয়াবহ।
মোটরওয়ে থেকে বের হওয়ার পর রাস্তার পাশের একটি সাইনবোর্ডে ধাক্কা লাগে স্টার্লিংয়ের ল্যাম্বরগিনির। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো যানবাহন দুর্ঘটনায় জড়ায়নি। এমনকি কেউ আহতও হননি। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গাড়ির যাত্রী আসনে বসে থাকতে দেখে। এ সময় তার কাছে নাইট্রাস অক্সাইডের দুটি ক্যানিস্টার পাওয়া যায়।
এর আগে গত সেপ্টেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, নাইট্রাস অক্সাইড রাখার পাশাপাশি রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেছিলেন স্টার্লিং। দুর্ঘটনার পর পুলিশের কাছে তিনি নাইট্রাস অক্সাইডে আসক্তির কথাও জানিয়েছিলেন।
আদালতে বিচারক অলম্যান বলেন, সড়কে অন্যদের নিরাপত্তার বিষয়টি জানা সত্ত্বেও স্টার্লিং এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা বহু মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারত। পর্যাপ্ত ঘুম ছাড়াই এবং নিষিদ্ধ মাদক গ্রহণের পর গাড়ি চালানোর বিষয়টিকে তিনি ইচ্ছাকৃত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করেন।
স্টার্লিংয়ের আইনজীবী জেসন বার্টফেল্ড জানান, ক্যারিয়ারের কঠিন সময় পার করার সময় নাইট্রাস অক্সাইড গ্রহণের অভ্যাস গড়ে ওঠে তার। তবে নিজের ভুল বুঝতে পেরে এখন তিনি সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আইনজীবীর ভাষায়, পরিস্থিতি সামাল দিতে গিয়ে গড়ে ওঠা অস্বাস্থ্যকর অভ্যাসগুলো সম্পর্কে এখন সচেতন হয়েছেন তার মক্কেল।
শাস্তি নির্ধারণের সময় স্টার্লিংয়ের ব্যক্তিগত পরিস্থিতি, দাতব্য কর্মকাণ্ড এবং দুর্ঘটনার পর আসক্তি থেকে মুক্তির জন্য সহায়তা নেওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন বিচারক। সে কারণেই কারাদণ্ড দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়নি তাকে।
তবে আগামী ১৮ মাসের মধ্যে নতুন কোনো অপরাধে জড়ালে স্থগিত কারাদণ্ড কার্যকর হতে পারে। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী ১০০ ঘণ্টা সামাজিক কাজ করতে হবে তাকে এবং দুই বছর গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
সূত্র: নিউইয়র্ক টাইমস , আনাদোলু এজেন্সি
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২৪