আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আধুনিক যুদ্ধের বাস্তবতা বিবেচনায় বিভিন্ন ধরনের সামরিক অভিযানে এসব অস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার দেশটির পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি কেসিএনএ।
কিম জং উন জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা হচ্ছে। পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা কোনোভাবেই পরিবর্তন হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিম। তিনি জানান, বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে যারা উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলছে, তাদের বক্তব্যে দেশের অবস্থানের কোনো পরিবর্তন আসবে না।
২০২৩ সালে সংবিধানে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। এই মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন কিম।
কৌশলগত পারমাণবিক অস্ত্রের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন উত্তর কোরীয় নেতা। তার মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সীমান্তে সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ রাষ্ট্রের মুখোমুখি হওয়ার বাস্তবতা বিবেচনায় এটি অত্যন্ত জরুরি পদক্ষেপ।
এদিকে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনাও বাড়ছে। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে দাবি করা হয়, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া ওই স্থলমাইন পুঁতেছিল। এ ঘটনায় অক্টোবরে পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল।
তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে বিস্ফোরণের ঘটনাকে দক্ষিণ কোরিয়ার সাজানো বলে অভিযোগ করে উত্তর কোরিয়া। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটি পূর্ব উপকূল থেকে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এমন পরিস্থিতিতে কিমের নতুন বক্তব্য কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৬,/সকাল ৯:৪৩