বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

আবারও শুল্কের ভয় দেখিয়ে বাণিজ্য চুক্তি আদায়ের ছক ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুল্ক আরোপকে বরাবরই বিভিন্ন দেশকে বাণিজ্য চুক্তিতে রাজি করানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার নতুন করে শুল্ক আরোপের প্রস্তাবের পেছনেও সেই কৌশল কাজ করছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও শিল্প খাতের কাঠামোগত অসামঞ্জস্য নিয়ে তদন্তের কথা বলা হলেও, এ ঘোষণার সময়কে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

আগামীতে মিয়ামিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে কয়েকটি নতুন বাণিজ্য চুক্তি সই করতে চান ট্রাম্প। নতুন শুল্কের হুমকি সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের দর-কষাকষির ক্ষমতা বাড়াবে বলে আশা করছে তার প্রশাসন।

গত সপ্তাহে আসিয়ান সম্মেলনেও বাণিজ্যই ছিল ট্রাম্পের আলোচনার প্রধান বিষয়। সম্মেলনে ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই সেগুলো সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। যদিও আনুষ্ঠানিক প্রক্রিয়া তখনও শেষ হয়নি, তবু চুক্তি সইয়ের আয়োজন এবং রাজনৈতিকভাবে ‘সাফল্য’ তুলে ধরার সুযোগ পেয়েছিলেন ট্রাম্প।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করা দেশগুলোর ওপর নতুন শুল্কের প্রভাব তুলনামূলকভাবে সীমিত থাকবে। ইউরোপীয় কমিশনও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত বছর কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন ও ট্রাম্পের সম্মত হওয়া ১৫ শতাংশ শুল্কসীমার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ সীমাবদ্ধ থাকবে।

তাই নতুন শুল্কের প্রস্তাবের মূল লক্ষ্য হতে পারে সেই দেশগুলো, যারা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারেনি। এসব দেশের ওপর চাপ সৃষ্টি করে জি২০ সম্মেলনের আগে বা সম্মেলন চলাকালে নতুন চুক্তিতে পৌঁছাতে চাইছে ওয়াশিংটন।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, নতুন শুল্ক ঘোষণার কারণে জি২০ সম্মেলনে উত্তেজনা বা বিরূপ পরিস্থিতি তৈরি হবে বলে তারা মনে করছেন না। বরং এ ঘোষণার পর আরও কয়েকটি চুক্তি সই হতে পারে বলে আশা করছেন তারা।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা বরং আশা করছি, এসব ঘোষণা আসার পর জি২০ সম্মেলনে আরও কয়েকটি চুক্তি সই হতে পারে। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৬,/সকাল ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit