সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম

পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি, পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে আলোচনা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু নির্বাচনকেন্দ্রিক বা সাময়িক সমাধান নয়; বরং সংস্কার, ন্যায়বিচার এবং জাতীয় সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ ও একটি অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’প্রণয়ন করতে হবে।

এদিন বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, গত নির্বাচন-পরবর্তী ৭-৮ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। এ কারণে সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে ভুক্তভোগী হিসেবে পরিণত হচ্ছেন। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, এ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সরকারপ্রধানের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী এবং জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক মাসে দেশের বিচারিক ব্যাপারে আপসকামিতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট না করার কারণে আজকের এই সংকটের সৃষ্টি হয়েছে। 

এনসিপির মতে―জাতীয় ঐক্যের প্রক্রিয়া সফল করার জন্য অবশ্যই তিনটি মূল ভিত্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে। সেসব হলো- ১. সংস্কার, ২. বিচার ও ৩. জাতীয় সার্বভৌমত্ব।

এ সময় নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করা না গেলে জনগনের আস্থা অর্জন অসম্ভব এবং দেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। এ কারণে সংস্কার কোনো গৌণ বিষয় নয়, বরং দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর জন্য এটি অপরিহার্যা।

এছাড়াও তিনি জানান, এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি দেয়া হয়েছে। দাবিগুলো হলো―

সংস্কার প্রক্রিয়া ও গণরায়ের বাস্তবায়নে বাধা প্রদানকারী একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা এবং গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ে জুলাই গণহত্যার মামলাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল নিশ্চিত করা; জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের রাজনৈতিক ও প্রশাসনিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা প্রদান; আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির নবায়ন আলোচনায় ভারতের কাছে কঠোর বার্তা দেয়া এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে বিন্দুমাত্র আপস না করা; ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ায় রায় কার্যকর করা।

এছাড়াও বৈঠকে ভূরাজনৈতিক সংকট ও সীমান্ত পরিস্থিতির ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেও বর্তমান রাজনৈতিক সংকট আর কেবল কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়। কেননা, এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগ্রামে রূপ নিয়েছে।

এ এনসিপি নেতা বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে এবং এ দেশীয় স্বার্থান্বেষী মহলকে ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণ ও সব রাজ্যনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সীমান্তের কাছে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি ও পলাতক আওয়ামী লীগ নেতারা একসঙ্গে সমাবেশ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। 

এই অপপ্রচারের জবাবে বিশ্বমঞ্চে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি বলেন, ভারত নিজেই আজ আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলিম এবং দলিতদের ওপর কাঠামোগত নির্যাতনের মাধ্যমে বিশ্বের শীর্ষ সংখ্যালঘু নির্যাতনকারী দেশে পরিণত হয়েছে। আবার ঐতিহাসিকভাবে আমাদের দেশে আওয়ামী লীগের শাসনামলেই হিন্দু সম্প্রদায়ের ওপর বেশি নির্যাতন হয়েছে এবং তাদের জমিজমা ও সম্পত্তি দখল করা হয়েছে।

এসব ছাড়াও আন্তর্জাতিক অপপ্রচার ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলার জন্য শুধু রাজনৈতিক দলের ঐক্যে সীমাবদ্ধ না থেকে দেশের সর্বস্তরের সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে একত্র করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। অভিন্ন জাতীয় প্রতিরোধ গড়ে তোলার জন্য আলেম-ওলামা ও ধর্মীয় নেতাকর্মী, সুফি সাধক ও মাজার-দরগার প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজ, হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরকারকে সরাসরি আলোচনায় বসার জন্যও আহ্বান জানিয়েছে এনসিপি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অতীতের ‘দলীয় পররাষ্ট্রনীতি’ (যেমন—আওয়ামী লীগ বা বিএনপির নিজস্ব পররাষ্ট্রনীতি) বাদ দিয়ে একটি যৌথ ও সর্বসম্মত ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ তৈরির জন্য দাবি জানিয়েছে এনসিপির প্রতিনিধিদল।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ বা ভারতের হুমকি মোকাবিলা সাময়িক বা ‘ডিসেম্বর-কেন্দ্রিক’ ইস্যু নয়; এটি হচ্ছে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। এ জন্য বাংলাদেশের স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি কৌশলগত রোপম্যাপ নিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথাও জানিয়েছেন তিনি।

 

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit