আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে করণীয় নির্ধারণে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে আশুলিয়ার ছয়তলা এলাকায় সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সংসদ সদস্য শিল্পকারখানায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নেতা মির্জা আল শামীম, আশুলিয়া থানা কমিটির সভাপতি আবিদুর রহমান পাষাণ এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
সভায় সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় শ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণ, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালু, শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য আবাসন ও হাসপাতাল নির্মাণ এবং শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ ছাড়া কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, প্রতিটি কারখানায় স্বাস্থ্যসম্মত ডে-কেয়ার সেন্টার বাধ্যতামূলক করা এবং মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক সংগঠন, মালিকপক্ষ, সরকার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বচ্ছ ও তথ্যভিত্তিক আলোচনা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে মজুরিকে কেন্দ্র করে শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে শিল্প ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৪