স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুভ সূচনা বাংলাদেশ ‘এ’ দলের। বৃহস্পতিবার কাতারের দোহায় আগে ব্যাট করে ৮ উইকেটে ২১৯ রান করে হংকং। টার্গেট তাড়া করতে নেমে ইয়াসির আলি রাহি ও সাইফ হাসানের ব্যাটে ৫৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁঝে যায় টাইগাররা।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৩ উইকেট হারায় হংকং। চতুর্থ উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচে ফিরে তারা। ব্যক্তিগত ৭৬ রানে আংশুমান রাথ আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। একই ওভারে আউট হয়ে যান আব্দুল সামাদও। এরপর আবারও ব্যাটিং ধসে পড়ে হংকং। স্কোরবোর্ডে ১৯২ রান তুলতেই হারায় আরও দুই উইকেট। ফলে দলীয় ২০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হংকং। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৯ রান তুলে থামে হংকংয়ের ইনিংস। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন।
টার্গেট তাড়া করতে নেমে দলীয় ২৩ রানে আউট হয়ে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান আরেক ওপেনার শাহাদাত হোসেন। এই জুটিতে আসে ৮৪ রান। ব্যক্তিগত ৪৩ রানে শাহাদাত আউট গেলেও একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক সাইফ হাসান। তাকে যোগ্য সঙ্গ দেন ইয়াসির আলী। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল। সাইফ ৮৬ ও ইয়াসির ৭১ রানে অপরাজিত থাকেন।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:৫০