শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়, বরং দেশ দুটি ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী। তারপরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।

সিএনএনের বিশ্লেষক স্টিফেন কলিনসনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করা অস্বাভাবিক নয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে ব্যতিক্রম হলো, তিনি এসব নেতার সঙ্গে কেবল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছেন না, বরং তাদের বন্ধু হিসেবেও বিবেচনা করছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে শি জিনপিং ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা ট্রাম্পের। এর আগে বুধবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের নৈশভোজে তিন নেতা একসঙ্গে অংশ নেন। এ ছাড়া চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকের রাজনৈতিক প্রতীকী গুরুত্ব অনেক। তিনটি বৃহৎ শক্তির নেতা একসঙ্গে বসছেন, যাদের প্রত্যেকেরই নিজ নিজ অঞ্চলে আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা রয়েছে। এতে ছোট ও দুর্বল দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

ট্রাম্পের সমালোচকদের অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি অবজ্ঞা দেখালেও পুতিন ও শি জিনপিংয়ের মতো কর্তৃত্ববাদী নেতাদের প্রশংসা করেন। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও পুতিনকে সংযম দেখানোর কৃতিত্ব দিয়েছেন তিনি। একইভাবে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অনীহা দেখিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকোলাস বার্নস প্রশ্ন তুলেছেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের এই বৈঠক আদৌ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে কি না। তার মতে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিকভাবে চাপের মুখে থাকা পুতিনকে এই বৈঠকের মাধ্যমে নতুন করে গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।

তবে সব বিশ্লেষকই এই বৈঠকের বিরোধিতা করছেন না। তাদের মতে, বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি। ইউক্রেন, ইরান ও তাইওয়ানকে ঘিরে চলমান উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে শীর্ষ নেতাদের সরাসরি আলোচনা উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার পর শেনজেন বৈঠককে তার জন্য নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজক হিসেবে এই সম্মেলনে নিজের দেশের প্রভাব ও নেতৃত্ব তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা কাজে লাগিয়ে চীন ও রাশিয়া নিজেদের স্বার্থ আদায়ে আরও সুবিধাজনক অবস্থানে যেতে পারে। বিশেষ করে ২০২৯ সালে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসার সম্ভাবনা মাথায় রেখে দীর্ঘমেয়াদি কৌশল নিতে পারে বেইজিং।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit