ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করে ‘আন্তঃসীমান্ত টেররিজম’ (সন্ত্রাসবাদ) পরিচালনা করছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
ফেসবুক পোস্টে সারজিস আলম দাবি করেন, পলাতক ও পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে সহিংস কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন। তার অভিযোগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দলটির নেতাকর্মীদের হাতে বিএনপির তিনজন নেতা নিহত হয়েছেন এবং দুটি থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক ও হাসপাতালে আগুন দেওয়ার পাশাপাশি গোপালগঞ্জে বিএনপির তিনজন সংসদ সদস্যের (এমপি) বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির একাংশের নেতাকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা লেখেন, বিএনপির যেসব নেতা ভোটের আশায় নিজেদের বিক্রি করে দিয়েছেন, অর্থের বিনিময়ে জামিনের ব্যবস্থা করেছেন কিংবা সাময়িক লাভের আশায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন, তাদের মধ্যে এখন কোনো অনুশোচনা হচ্ছে কি না। তিনি প্রশ্ন রাখেন, এসব ঘটনার পরও তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কি না। সিদ্ধান্ত পরিবর্তন হলে তা মঙ্গলজনক হবে, অন্যথায় এর পরিণাম খুব শিগগিরই ভোগ করতে হবে বলে তিনি সতর্ক করেন।
পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সারজিস আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের জন্য তার আফসোস হচ্ছে। তার মতে, বিএনপির মন্ত্রী, এমপি এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতারা সঠিক পথে চললে দেশের অনেক সমস্যাই এমনিতেই সমাধান হয়ে যাবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সবার আগে নিজ দলের ভেতরে শক্ত কমান্ড ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সারজিস আলম মন্তব্য করেন, বিএনপির নেতাকর্মীদের আশ্রয়, প্রশ্রয় ও সাহস পেয়েই প্রতিপক্ষ আজ এতদূর আসার সুযোগ পেয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:২২