শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

গ্রাহকদের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক নিউজ : তারল্য সংকট কাটিয়ে ওঠার লড়াইয়ের মধ্যেই নতুন করে সংকটে পড়তে যাচ্ছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। এবার ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফি পরিশোধ না করায় আন্তর্জাতিক সালিশি কেন্দ্রে মামলা করেছে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে ব্যাংকটির গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোর ব্যাংকিং সফটওয়্যারের কার্যক্রম ব্যাহত হলে বিপাকে পড়তে পারেন ব্যাংকটির ২০ লাখের বেশি গ্রাহক। বিশেষ করে টাকা জমা ও উত্তোলন, এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে করা চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয়। এ সংক্রান্ত মামলা নম্বর এআরবি ৫১৬/২৬/এমএনএইচ এবং এআরবি ৫১৭/২৬/এমএনএইচ। পরে গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয়। সূত্র জানায়, ২০১৯ সালে সফটওয়্যারটির বার্ষিক রক্ষণাবেক্ষণ, লাইসেন্স ফি ও অন্যান্য সেবার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ন্যাশনাল ব্যাংক। চুক্তি অনুযায়ী এসব সেবার বিপরীতে নিয়মিত অর্থ পরিশোধের কথা থাকলেও ২০২৪ সাল থেকে রক্ষণাবেক্ষণ ফি ও সংশ্লিষ্ট পাওনা পরিশোধ করা হচ্ছে না। সরবরাহকারী প্রতিষ্ঠান একাধিকবার তাগাদা দিলেও ব্যাংকের পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

এমতাবস্থায় সফটওয়্যারের সেবা বন্ধ বা সীমিত হয়ে গেলে শুধু একটি শাখা নয়, পুরো ব্যাংকের লেনদেনব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং সেবা, গ্রাহকের হিসাব ব্যবস্থাপনা এবং অর্থ স্থানান্তরের কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে আগে থেকেই তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের ভোগান্তি আরও বাড়তে পারে।

ব্যাংকটির গ্রাহকদের মধ্যেও নতুন এ খবর উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, তারল্য সংকটের কারণে এমনিতেই প্রয়োজনের সময় টাকা উত্তোলন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যে কোর ব্যাংকিং সফটওয়্যার নিয়ে জটিলতা তৈরি হলে ব্যাংকিং সেবা পাওয়াও কঠিন হয়ে পড়তে পারে।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। তবে ব্যাংকটির আর্থিক সংকট পুরোপুরি কাটেনি। আমানতকারীদের পাওনা অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্টের রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয়। তবে এত বড় অঙ্কের তারল্য সহায়তার উদ্যোগের পরও ব্যাংকটির অপরিহার্য সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ফি বকেয়া থাকার বিষয়টি নতুন প্রশ্ন তৈরি করেছে। 

এর আগে গত ১৪ অক্টোবর বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে সরকারি খাতের সোনালী ব্যাংক স্বল্পমেয়াদি ধার হিসাবে দিয়েছে ৭ হাজার কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের আর্থিক সংকট থেকে পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এই ধার দিয়েছে সোনালী ব্যাংক। এই টাকায় ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের জমা থাকা অর্থ ফেরত দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে সোনালী ব্যাংক তিন মাসের জন্য এই ধার দিয়েছে। ধারের বিপরীতে ন্যাশনাল ব্যাংককে বছরে ১০ শতাংশ সুদ দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করে। ইতোমধ্যে আমানতকারীদের মধ্যে যারা টাকা তুলতে চান তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংকের তারল্যের জোগান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় টাকা ধার দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংক সূত্র জানায়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা করা ও ন্যাশনাল ব্যাংককে পুনরুদ্ধারে সহায়তা করতে এই টাকা ধার দেওয়া হয়েছে। এর আগেও সোনালী ব্যাংক বিভিন্ন ব্যাংকের সংকট নিরসনে স্বল্পমেয়াদি ধার দিয়েছে এবং সেগুলো যথাসময়ে ফেরত পেয়েছে। ন্যাশনাল ব্যাংকে দেওয়া ধারের টাকাও যথাসময়ে ফেরত পাবে বলে আশাবাদী সোনালী ব্যাংক। তিন মাসের মধ্যে ন্যাশনাল ব্যাংক টাকা পরিশোধে ব্যর্থ হলে সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে জানাবে।

দেশের অন্যতম পুরোনো বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে তীব্র তহবিল সংকট ও উচ্চমাত্রার খেলাপি ঋণের কবলে রয়েছে। এই সংকটের কারণে গত কয়েক বছর ধরেই তারা বাংলাদেশ ব্যাংক থেকে জামানতবিহীন তারল্য সহায়তা নিয়ে আসছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit