স্পোর্টস ডেস্ক : কৃষি যন্ত্রপাতি কেনার জন্য মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ নিজস্ব তহবিল থেকে দিতে হবে কৃষক বা ক্রেতাকে। পাশাপাশি কৃষি ঋণের আওতায় যুক্ত হয়েছে কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম।
২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি ঋণ বিভাগের জারি করা এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে আগের নীতিমালার কয়েকটি ধারা সংশোধন, প্রতিস্থাপন ও নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে।
কৃষি ঋণ পাবেন কারা
নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কৃষি ও পল্লী ঋণ পাওয়ার যোগ্য হবেন। এ ছাড়া পল্লী অঞ্চলে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও সংশ্লিষ্ট খাতে ঋণ সুবিধা পাবেন।
ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, বর্গাচাষি এবং অন্যান্য কৃষককে সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে ঋণ দেওয়ার সুযোগ থাকবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।
কৃষি ঋণের ৫৫ শতাংশ যাবে শস্য-ফসল খাতে
কৃষি ঋণ বিতরণে শস্য-ফসল, সেচ ও কৃষি যন্ত্রপাতি, মৎস্য এবং প্রাণিসম্পদ—এই চারটি খাতকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ব্যাংকগুলোর বরাদ্দ করা লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য-ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে।
অবশিষ্ট ১০ শতাংশ ঋণ কৃষি উৎপাদন, পল্লী অঞ্চলের উৎপাদন ও সেবা খাত, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে বিতরণ করা যাবে। কৃষি প্রযুক্তির মধ্যে ডিজিটাল কৃষিসেবা, নির্ভুলতাভিত্তিক চাষাবাদ এবং জলবায়ু সহনশীল স্মার্ট কৃষি অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করতে হবে
প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিরা যাতে সহজে, সময়মতো ও হয়রানিমুক্তভাবে ঋণ পান, তা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঋণ বিতরণ করতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংক শাখার কর্মকর্তারা ক্যাম্প করে কৃষি ঋণের তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারবেন।
এ ছাড়া কৃষি ঋণ বিতরণ ও আদায় সম্পর্কে সচেতনতা তৈরি এবং ঋণ কার্যক্রমের স্বচ্ছতা ও যথাযথ তদারকি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোকে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
কৃষিপণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণেও ঋণ
নতুন নীতিমালায় কৃষি মূল্য শৃঙ্খল বা কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে ঋণের আওতায় আনা হয়েছে। এতে কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবেন।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী, সংরক্ষণকারী, পরিবহনকারী ও বিপণনকারী উদ্যোক্তা এবং পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ সুবিধার আওতায় থাকবেন। কৃষি উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সামগ্রিক অর্থায়ন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে অগ্রাধিকার
নতুন নীতিমালায় নির্ভুলতাভিত্তিক কৃষি বা প্রিসিশন ফার্মিংকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির নির্দিষ্ট স্থান ও তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগ করা হয়। এর লক্ষ্য উৎপাদন বাড়ানো, খরচ কমানো, সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষা।
এ কাজে উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, ভৌগোলিক তথ্যব্যবস্থা, বৈশ্বিক অবস্থান নির্ণয় ব্যবস্থা, ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৃহৎ তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। এ খাতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ করতে হবে।
জলবায়ু সহনশীল কৃষিতেও অর্থায়ন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষকের আয় বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষি খাত থেকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে জলবায়ু সহনশীল স্মার্ট কৃষি কার্যক্রমে অর্থায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এ জন্য বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ, পানি সাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সৌরশক্তিচালিত সেচ পাম্প, নবায়নযোগ্য জ্বালানি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও জৈব সার ব্যবহারে ঋণ দেওয়া যাবে। আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষিকাজ এবং কৃষি বনায়নেও অর্থায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।
কৃষি যন্ত্রপাতির মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ
সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ খাতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হবে। আধুনিক চাষাবাদ ও কৃষির যান্ত্রিকীকরণে গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ, ট্রেডল পাম্পসহ বিভিন্ন সেচযন্ত্র কেনার জন্য ঋণ দেওয়া যাবে।
এ ছাড়া ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, রিপার বাইন্ডার, পাওয়ার থ্রেসার, বীজ বপনযন্ত্র, বেডপ্লান্টার, আগাছা পরিষ্কারের যন্ত্র, বীজতলা তৈরির ট্রে ও স্বয়ংক্রিয় চারা উৎপাদন যন্ত্র কেনার জন্য ঋণ দেওয়া যাবে। সার অপচয় কমাতে দানাদার বা গুটি ইউরিয়া তৈরির যন্ত্র প্রস্তুতকারীদেরও ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে ব্যাংক।
নীতিমালার সংযোজনী অনুযায়ী, কৃষি যন্ত্রপাতির মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ দিতে পারবে। অবশিষ্ট ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব তহবিল থেকে ডাউন পেমেন্ট বা বিনিয়োগ হিসেবে দিতে হবে।
নির্বাচিত যন্ত্রপাতির মধ্যে কম্বাইন্ড হারভেস্টারের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা, রিপার ও রিপার বাইন্ডারের ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা, রাইস ট্রান্সপ্লান্টারের ৭ থেকে ২০ লাখ টাকা, ট্রাক্টরের ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং পাওয়ার টিলারের ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাওয়ার থ্রেসার, সিডার ও বেডপ্লান্টারের আনুমানিক মূল্য ২ থেকে ৫ লাখ টাকা। তবে ঋণ বিতরণের সময় যন্ত্রের প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে।
ঋণ পাওয়ার যোগ্যতা ও জামানত
কৃষি যন্ত্রপাতি কেনার ঋণ পেতে আবেদনকারীকে নীতিমালায় বর্ণিত যোগ্য ঋণগ্রহীতা, কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক অথবা কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবা প্রদানকারী হতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলে এ ঋণ পাওয়া যাবে না।
ছোট যন্ত্রপাতি, যেমন পাওয়ার টিলার ও পাম্পের ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই ব্যাংক প্রাথমিক জামানত হিসেবে বিবেচনা করতে পারবে। বড় যন্ত্রপাতি, যেমন কম্বাইন্ড হারভেস্টার ও বড় ট্রাক্টরের ক্ষেত্রে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি কিংবা জমি বা স্থাবর সম্পত্তি অতিরিক্ত জামানত হিসেবে রাখা যেতে পারে।
যন্ত্রের কার্যকাল ও স্থায়িত্ব বিবেচনায় ব্যাংক ঋণের মেয়াদ ও পরিশোধসূচি নির্ধারণ করবে। সাধারণত একটি যন্ত্রের জীবনকাল তিন থেকে পাঁচ বছর। যন্ত্রপাতি থেকে মৌসুমভিত্তিক আয় হওয়ায় ফসল রোপণ ও সংগ্রহের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বার্ষিক বা মেয়াদ শেষে কিস্তি পরিশোধের ব্যবস্থা করা যাবে। ঋণ আদায়ের ক্ষেত্রে যৌক্তিক সময় বিবেচনায় সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত রেয়াতকাল দেওয়া যেতে পারে।
ঋণের আবেদনের সঙ্গে যন্ত্রপাতির প্রাক্কলিত মূল্য বা দরপত্র সংযুক্ত করতে হবে। আবেদন পাওয়ার পর ব্যাংক কর্মকর্তাকে কৃষক বা গ্রাহকের জমি ও আয়ের উৎস সরেজমিনে পরিদর্শন করতে হবে। যাচাই-বাছাইয়ে যোগ্য বিবেচিত হলে ঋণ অনুমোদন করা যাবে। এ ছাড়া কৃষি বীমার বিষয়টিও বিবেচনা করতে পারবে ব্যাংক।
সৌরশক্তি ও জৈব সার উৎপাদনেও ঋণ
কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বায়োগ্যাস উৎপাদন এবং সৌর প্যানেল স্থাপনে দেওয়া ঋণ কৃষি ঋণ হিসেবে গণ্য হবে। অনগ্রসর ও বিদ্যুৎ সংযোগবিহীন এলাকায় ব্যক্তিপর্যায়ে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সোলার হোম সিস্টেম গড়তেও ঋণ দেওয়া যাবে।
অন্যদিকে গোবর সার, কেঁচো কম্পোস্ট, কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনে দেওয়া ঋণও কৃষি ও পল্লী ঋণ হিসেবে বিবেচিত হবে। এ খাতের ঋণের নিয়ম ও পরিশোধসূচি নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নেওয়া যাবে। কেঁচো কম্পোস্ট সার উৎপাদন জনপ্রিয় করতে ব্যাংকগুলোকে নির্ধারিত ঋণ নিয়মাচার অনুসরণ করে অর্থায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বড় অঙ্কের ঋণের তথ্য পাঠাতে হবে
কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার জন্য ব্যাংকগুলোকে মাসিক ভিত্তিতে নির্ভুল তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এ ছাড়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণের মধ্যে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৪