আন্তর্জাতিক ডেস্ক : ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের মাত্র ২৪ দিন পরই দক্ষিণ আমেরিকার তিন দেশ সফরে বেরিয়েছিলেন পোপ চতুর্দশ লিও। ৭১ বছর বয়সী ক্যাথলিক ধর্মগুরু ১২ দিনের এই দীর্ঘ সফরে অংশ নিয়েছেন ৫০টি অনুষ্ঠানে।
উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুর ১০টি শহরে প্রায় ৩১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। কখনো দিনে ছয়টি পর্যন্ত প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন, দিয়েছেন প্রায় ৪০টি বক্তব্য। তাঁর এমন কর্মতৎপরতায় অসুস্থতার কারণে পোপের দায়িত্ব পালনের গতি কমে যেতে পারে- ভ্যাটিকানের ভেতরে তৈরি হওয়া সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ১৪ ঘণ্টার রাতভর বিমানযাত্রা শেষে রোমে ফিরছেন পোপ লিও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে কোনো পোপের জন্য অন্যতম ব্যস্ত এই সফর সফলভাবে শেষ করায় তার জীবনীকার ও ভ্যাটিকান-বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বড় জবাব দিয়েছেন তিনি।
গত ১৩ অক্টোবর চিকিৎসকেরা পোপের ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার কথা জানান। এরপর ভ্যাটিকানের কয়েকজন কর্মকর্তা ধারণা করেছিলেন, শারীরিক অবস্থার কারণে তার নির্ধারিত দক্ষিণ আমেরিকা সফর বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে পোপ হিসেবে তার দায়িত্ব পালনের ধরনেও পরিবর্তন আসতে পারে।
ভ্যাটিকানের পররাষ্ট্রবিষয়ক দায়িত্বে থাকা কার্ডিনাল পিয়েত্রো পারোলিন তখন বলেছিলেন, পোপকে হয়তো তার পোপত্বের দায়িত্ব পালনের ধরন নতুন করে সাজাতে হতে পারে। একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার এমন মন্তব্যে পোপের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে সফর শেষ করে পোপের রোমে ফেরার প্রেক্ষাপটে ভ্যাটিকান-বিশেষজ্ঞ ও লেখক জন থাভিস বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফর শেষ করতে পারা তাঁকে মুগ্ধ করেছে। এতে বিশ্বজুড়ে ক্যাথলিকদের মধ্যে স্বস্তি ফিরবে। পোপের দায়িত্ব পালনে অক্ষমতা নিয়ে যে আলোচনা চলছিল, তা-ও থেমে যাবে বলে মনে করেন তিনি।
পোপের জীবনীকার ও সাংবাদিক এলিস অ্যালেনও তার শারীরিক সক্ষমতায় মুগ্ধ। তার মতে, পোপ অসাধারণ শক্তি ও সহনশীলতা নিয়ে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠেছেন। পোপের দায়িত্ব ও ধর্মীয় লক্ষ্য বাস্তবায়নে তিনি আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হয়েছে।
ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন- অস্ত্রোপচারের পর পোপের এই সফর ছিল বেশ চ্যালেঞ্জিং। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ক্যানসারটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েনি। এ কারণে অস্ত্রোপচারের পর তাঁর আর অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হবে না। তবে রোগ শনাক্ত হওয়ার পর পোপের দায়িত্ব পালনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর কর্মসূচি ছিল বেশ ব্যস্ত। চলতি বছর আফ্রিকার চার দেশ সফরসহ মোট পাঁচটি বিদেশ সফর করেছেন তিনি।
দক্ষিণ আমেরিকা সফরে পোপের প্রতিদিনের কর্মসূচি অনেক সময় ১২ ঘণ্টা পর্যন্ত বিস্তৃত ছিল। কোনো কোনো দিন ছয়টি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুর ১০টি শহরে যাতায়াতের পাশাপাশি দীর্ঘ বক্তব্য দিয়েছেন, পোপমোবাইলে চড়ে জনতার অভিবাদন গ্রহণ করেছেন এবং অসংখ্য মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন।
নিউইয়র্কের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ভ্যাটিকান-বিশেষজ্ঞ ডেভিড গিবসন বলেন, ক্যানসারের কারণে পোপ তাঁর কর্মসূচি কমিয়ে আনবেন বা দায়িত্ব পালনের ধরন বদলাবেন—এমন ধারণা যাঁদের ছিল, তাঁদের নতুন করে ভাবতে হবে।
সফরজুড়ে পোপকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। পোপমোবাইলে চড়ে বিভিন্ন শহরে জনতার সামনে উপস্থিত হয়েছেন তিনি। এসব আয়োজনে তাঁর পোপত্বকালের সবচেয়ে বড় জনসমাগমগুলোর কয়েকটি ঘটেছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, সফরের বিভিন্ন অনুষ্ঠানে মোট প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ অংশ নেন। এ সময় প্রায় ৪০টি বক্তব্য দিয়েছেন পোপ। তাঁর কণ্ঠ ছিল দৃঢ় ও স্পষ্ট। দীর্ঘ কর্মসূচির মধ্যেও জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হাত মেলানোর ক্ষেত্রে ক্লান্তির বিশেষ লক্ষণ দেখা যায়নি।
সফরের প্রথম দিন সাংবাদিকদের পোপ জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর তিনি মোটামুটি ভালো বোধ করছেন। সফরটি সম্পন্ন করতে পারবেন কি না, তা নিয়ে তার কখনো সংশয় ছিল না। পেরুর চিকলায়ো শহরে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত এ শহরের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পোপ। সেখানে এক প্রার্থনাসভায় তিনি বলেন, স্বাস্থ্যগত সংকট তাঁর জীবনে পরীক্ষার সময় ছিল, তবে তিনি তা কাটিয়ে উঠছেন।
এর আগে ১০ নভেম্বর আর্জেন্টিনার একটি ক্যাথলিক উপাসনালয়ে প্রায় ২০ লাখ মানুষের সমাবেশে বক্তব্য দেন পোপ। সেখানে খ্রিষ্টীয় বিশ্বাস ও মানুষের দায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বয়স কিংবা শারীরিক সীমাবদ্ধতা মানুষের উদ্যম নিভিয়ে দিতে পারে না। পোপের জীবনীকার এলিস অ্যালেনের মতে, দক্ষিণ আমেরিকা সফর তাঁর নেতৃত্বকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। অসুস্থতার কারণে দায়িত্ব থেকে পিছিয়ে না গিয়ে বরং নিজের লক্ষ্য বাস্তবায়নে তিনি আরও দৃঢ় অবস্থান নিয়েছেন।
সব মিলিয়ে অস্ত্রোপচারের পর এত অল্প সময়ে দীর্ঘ সফর শেষ করা পোপ লিওর জন্য ব্যক্তিগত সক্ষমতার প্রমাণের পাশাপাশি তাঁর নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তবে চিকিৎসকেরা ক্যানসার ছড়িয়ে না পড়া এবং অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন না হওয়ার কথা জানালেও তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ থাকবে।
তথ্য সূত্র- রয়টার্স।
কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৬