মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি সাংবাদিক যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি কানাডার আরাগচির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের বৈঠক, কী আলোচনা হলো? চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, বললেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি মারা গেছেন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, সম্ভাব্য লক্ষ্য ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা অস্ত্রোপচারের ২৪ দিন পরই ১২ দিনের সফর, চমকে দিলেন পোপ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ায় কমল তেলের দাম জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, সম্ভাব্য লক্ষ্য ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে ইরান। দেশটির পরিকল্পনায় রয়েছে তেজস্ক্রিয় পদার্থবাহী ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নতুন একাধিক তথ্যের বরাতে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। তবে ইরান এই পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা রাখে কি না কিংবা সত্যিই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই মতভেদ রয়েছে।

সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে নতুন তথ্য পেয়েছে। এসব তথ্য অনুযায়ী, ওয়াশিংটনে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার বিকল্প পরিকল্পনা তৈরি করছে তেহরান। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, পরিকল্পনায় সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর বিষয়ে বেশ সুনির্দিষ্ট তথ্য রয়েছে। বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে জরুরি ভিত্তিতে পাল্টা প্রস্তুতি ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা শুরু হয়েছে।

তবে গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো বলছে, আপাতত ইরানের এই তৎপরতাকে আসন্ন হামলার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে না। বরং সম্ভাব্য পরিস্থিতিতে নিজেদের হাতে একাধিক বিকল্প রাখার কৌশল হিসেবেই বিষয়টিকে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ হামলা চালানোর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়েছে, এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবু পরিকল্পনার বিস্তারিত ধরন মার্কিন প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। তার বক্তব্য, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও এখনই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনো আসন্ন হামলার আশঙ্কাকে নিশ্চিত হিসেবে দেখছে না প্রশাসন।

অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের একাংশের কাছে গোয়েন্দা তথ্যটি ইরানের ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাবের ইঙ্গিত। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে তেহরান এখন মার্কিন ভূখণ্ডের ভেতরেও হামলার সম্ভাবনা বিবেচনা করছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে বলেছেন, মার্কিন অবরোধ ইরানের অর্থনীতিকে ভয়াবহভাবে বিপর্যস্ত করছে। এমন পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার পরিকল্পনা সামনে আসাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করছেন নিরাপত্তা কর্মকর্তারা।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান বাস্তবে এমন হামলা চালানোর মতো প্রয়োজনীয় লোকবল ও সাংগঠনিক সক্ষমতা তৈরি করতে পেরেছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। তার ভাষায়, তারা সত্যিই হামলা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লোকবল প্রস্তুত রেখেছে কি না, সেটিই এখন আলোচনার বিষয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর মধ্যেই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা দেখাচ্ছে, সংঘাতের পরিণতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এখনো কাটেনি। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুরু করা যুদ্ধের মূল্য যে শুধু জ্বালানির বাজার বা তেলের পাম্পে সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন নাগরিকদের নিরাপত্তার ওপরও সরাসরি প্রভাব ফেলতে পারে, সেই আশঙ্কা বাড়ছে।

সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে সম্ভাব্য হুমকি মোকাবিলায় বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এসব বৈঠকে হামলার আশঙ্কা, সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। একজন কর্মকর্তা এই প্রস্তুতিমূলক উদ্যোগকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন।

এরই মধ্যে ইরানের হুমকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নিরাপত্তাব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। গত সপ্তাহে তাকে সামরিক বাহিনীর আবাসন এলাকায় স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। অর্থাৎ সম্ভাব্য হামলার আশঙ্কা শুধু গোয়েন্দা পর্যায়ে সীমাবদ্ধ নেই; প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও নতুন করে সতর্কতা নেওয়া হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে ইরানের এ ধরনের তৎপরতা একেবারে নতুন নয়। ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার জন্য অর্থের বিনিময়ে লোক নিয়োগের একটি পরিকল্পনার কথাও সামনে এসেছিল। অতীতে এ ধরনের তৎপরতার বড় অংশই বিদেশ সফরে থাকা মার্কিন কর্মকর্তাদের হত্যার সুযোগ খোঁজার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, এবার যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডে হামলার সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

‌‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর

মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের অন্যতম কারণ হলো, প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ‘ডার্টি বোমা’ তৈরি করা তুলনামূলক সহজ। এটি কোনো পারমাণবিক বোমা নয়। পারমাণবিক বোমার মতো এতে নিউক্লিয়ার ফিশন বা পরমাণুর বিভাজন ঘটিয়ে বিপুল শক্তি উৎপাদন করা হয় না। বরং সাধারণ বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমা বিস্ফোরণের পর তেজস্ক্রিয় কণা বাতাসে ছড়িয়ে কয়েকটি ব্লক থেকে শুরু করে কয়েক মাইল পর্যন্ত এলাকাকে দূষিত করতে পারে। তবে এতে প্রাণহানির প্রধান কারণ সাধারণত তেজস্ক্রিয়তা নয়, বরং বিস্ফোরণের সরাসরি আঘাত। তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ফলে মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং নির্দিষ্ট কিছু এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্র বলেন, এ ধরনের অস্ত্র মূলত আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার জন্য নয়। আত্মঘাতী বোমা হামলার মতোই এর উদ্দেশ্য ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেওয়া। তার ভাষায়, এ ধরনের অস্ত্র মানুষকে গুরুতর অসুস্থ করে তুলতে পারে এবং নির্দিষ্ট এলাকাকে বসবাসের অনুপযোগী করে দিতে পারে।

‘ডার্টি বোমা’ তৈরিতে সাধারণ বিস্ফোরকের চেয়ে খুব বেশি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন না হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা। তবে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানকে এ ধরনের হামলা চালাতে প্রশিক্ষিত কোনো দলকে সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠাতেই হবে, এমন নয়। দেশটির ভেতরে আগে থেকেই বসবাসরত কাউকে অর্থ বা অন্য কোনো প্রলোভন দেখিয়ে হামলা চালাতে রাজি করানোও সম্ভব।

গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কথোপকথন শনাক্ত করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার দাবি করা হয়েছে। তবে এই তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। একই সঙ্গে তাদের একটি বড় অংশ মনে করছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে তেজস্ক্রিয় পদার্থ কিংবা রাসায়নিক উপাদান আগে থেকেই মজুত করে রাখা ইরানের পক্ষে সম্ভব। এমনকি এ ধরনের উপাদান ইতিমধ্যে দেশটিতে পৌঁছে দেওয়া হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

গোয়েন্দা তথ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত এক সূত্র দাবি করেন, গত প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রের সীমান্তব্যবস্থায় যে ধরনের দুর্বলতা ছিল, তাতে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং হামলার প্রস্তুতির জন্য লোকজনকে দেশে প্রবেশ করানো কঠিন হওয়ার কথা নয়। অন্য এক সূত্রের মতে, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের অনেকে ধরে নিচ্ছেন, তেজস্ক্রিয় পদার্থের মতো উপকরণ যুক্তরাষ্ট্রে কয়েক বছর, এমনকি কয়েক দশক আগেই মজুত করা হয়ে থাকতে পারে।

তবে সংশ্লিষ্ট দ্বিতীয় এক কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। তার মতে, এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আগের তুলনায় বাড়েনি। বরং পরিবর্তন এসেছে হামলা চালানোর প্রেরণায়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রয়োজনীয়তা বা আগ্রহ তেহরানের মধ্যে বেড়ে থাকতে পারে।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর মন্তব্য না করে বিষয়টি জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের কাছে পাঠিয়েছে। তবে ওই কার্যালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে, নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে তারা সম্পূর্ণ অবৈধ বলে মনে করে। এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগকে ‘মিথ্যা ও মনগড়া’ বলেও অভিহিত করেছে তেহরান। তবে ওয়াশিংটনে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্যের নির্দিষ্ট দিকগুলো নিয়ে বিবৃতিতে সরাসরি কোনো জবাব দেওয়া হয়নি।

গোয়েন্দা নজরদারিতে বড় বাধার আশঙ্কা

সম্ভাব্য হামলার পরিকল্পনা আগেভাগে শনাক্ত করাই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ, বিদেশিদের যোগাযোগ পর্যবেক্ষণের ক্ষেত্রে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ নজরদারি আইন গত জুনে মেয়াদোত্তীর্ণ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টেকে ঘিরে বিরোধের জেরে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি।

ওই আইনের আওতায় অনুমোদিত নজরদারি কার্যক্রমের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা বিদেশি নাগরিকদের যোগাযোগসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারতেন। জুনের আগে অনুমোদিত নজরদারির আদেশগুলো অবশ্য ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। কিন্তু কংগ্রেস নতুন করে আইনটির অনুমোদন না দিলে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসী হামলার পরিকল্পনা শনাক্ত করার অন্যতম কার্যকর হাতিয়ার হারাতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ।

চিঠিতে তারা সতর্ক করে বলেন, আইনটির অনুমোদন বিলম্বিত হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকা নাগরিক এবং বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে বর্তমানের উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতিতে এ ধরনের বিলম্ব বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে উল্লেখ করেন তারা।

কংগ্রেসের তথাকথিত ‘গ্যাং অব এইট’-এর সদস্যদেরও ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত করা হয়েছিল। এই গোষ্ঠীতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের চার শীর্ষ নেতা এবং উভয় কক্ষের গোয়েন্দা কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট শীর্ষ নেতারা রয়েছেন। চিঠি পাঠানোর কয়েক দিন আগেই তাদের ইরানসংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হয়। তবে ওই ব্রিফিংয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দিষ্ট হুমকির বিষয়টি আলোচনায় এসেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের উদ্বেগ শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধেও ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের আরেকটি ধারার ওপর নজর রাখছেন মার্কিন কর্মকর্তারা।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, এ ধরনের হামলার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আলাদা প্রস্তুতি চলছে। এর আগে নিউইয়র্ক টাইমসও মার্কিন সেনাদের বিরুদ্ধে সম্ভাব্য রাসায়নিক হামলার উদ্বেগের খবর প্রকাশ করেছিল।

একাধিক মার্কিন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের হামলা মোকাবিলার জন্য দেশটির সেনাদের কাছে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী নেই। একই সঙ্গে রাসায়নিক অস্ত্রের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণও অনেক সেনার নেই বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক জরুরি পরিকল্পনা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্রের ভাষ্য, সম্ভাব্য রাসায়নিক হামলার ক্ষেত্রে নিজেদের সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।

হরমুজ প্রণালি ঘিরে অচলাবস্থা, বাড়ছে সংঘাতের ঝুঁকি

এদিকে ওয়াশিংটনে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত অব্যাহত রয়েছে। মার্কিন অবরোধ প্রত্যাহার, গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি।

আঞ্চলিক একটি সূত্র জানিয়েছে, উভয়পক্ষই আপাতত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে বাস্তবে কোনো পক্ষই উল্লেখযোগ্য ছাড় দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে না। ফলে কূটনৈতিক আলোচনা চললেও সামরিক ও নিরাপত্তাগত উত্তেজনা কমার লক্ষণ নেই।

ওই সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ যেকোনো ধরনের সমঝোতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময়ের মধ্যে এমন কিছু পক্ষ সক্রিয় হতে পারে, যারা ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে। বিশেষ করে ইরানের কট্টরপন্থী গোষ্ঠী কিংবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু উগ্র উপাদানের দিকে নজর রাখার কথা বলেছেন তিনি।

তার আশঙ্কা, যুদ্ধের কারণে যেসব গোষ্ঠী রাজনৈতিক বা অন্য কোনোভাবে লাভবান হয়েছে, তারা সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী হতে পারে। এমনকি যুদ্ধ চালু রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার মতো পদক্ষেপও নিতে পারে তারা। এতে দুই দেশের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।

তবে মার্কিন কর্মকর্তাদের একজন মনে করেন, এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরানকে ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে—এ বিষয়টি তেহরান ভালোভাবেই জানে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিরুদ্ধে কিংবা সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে রাসায়নিক অস্ত্র বা ডার্টি বোমা ব্যবহার করলে তার পরিণতি ইরানের জন্য অত্যন্ত গুরুতর হতে পারে।

তারপরও ইরানের শাসকগোষ্ঠী যদি মনে করে তাদের ক্ষমতায় টিকে থাকা বা পুরো শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, তাহলে তারা এই ঝুঁকি নেওয়ার কথা বিবেচনা করতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।

সব মিলিয়ে নতুন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সামনে এক জটিল নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেছে। একদিকে হরমুজ প্রণালি ঘিরে সামরিক সংঘাত ও অর্থনৈতিক অবরোধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার আশঙ্কা এবং ওয়াশিংটনে ডার্টি বোমা ব্যবহারের সম্ভাব্য পরিকল্পনা—সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। যদিও ইরানের হামলার চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা বাস্তবায়ন সক্ষমতার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই, তবু সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে। কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হলে এই সংঘাত যে আরও বিপজ্জনক মোড় নিতে পারে, সেই আশঙ্কাই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit