মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি মারা গেছেন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, সম্ভাব্য লক্ষ্য ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা অস্ত্রোপচারের ২৪ দিন পরই ১২ দিনের সফর, চমকে দিলেন পোপ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ায় কমল তেলের দাম জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ আন্তর্জাতিক আকাশপথ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের নতুন বিরোধ ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮ ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

আন্তর্জাতিক আকাশপথ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের নতুন বিরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্টের বিদেশ সফরে বিমান চলাচলের অনুমতি প্রত্যাহারের ঘটনায় চীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিরোধিতা করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের অভিযোগ, তাইওয়ান ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিএওর পরিচালনা পরিষদের নভেম্বরের অধিবেশনে জমা দেওয়া একটি নথিতে যুক্তরাষ্ট্র মরিশাস ও সেশেলসের সিদ্ধান্তের সমালোচনা করেছে। দেশ দুটি গত এপ্রিলে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে-কে বহনকারী একটি বিমানের জন্য তাদের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আকাশপথে চলাচলের অনুমতি প্রত্যাহার করেছিল।

যুক্তরাষ্ট্রের বক্তব্য, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে যাওয়া আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব কোনো দেশের হাতে থাকলেও ওই আকাশপথের ওপর তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় না। বিমান চলাচলের নিরাপত্তা ও পরিচালনাগত সুবিধা নিশ্চিত করাই এ ব্যবস্থাপনার উদ্দেশ্য। রাজনৈতিক কারণে এ দায়িত্ব ব্যবহার করা উচিত নয়।

ওয়াশিংটন চায়, আইসিএওর পরিচালনা পরিষদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করুক এবং সংস্থাটির মহাসচিবকে মরিশাস ও সেশেলসের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়ার দায়িত্ব দেওয়া হোক। একই সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচলের বিধি মেনে চলা নিশ্চিত করতে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন কি না, তা বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন নথিতে বলা হয়েছে, এ ধরনের সিদ্ধান্ত বিপজ্জনক নজির তৈরি করতে পারে। এর ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক আকাশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অন্য দেশগুলোও রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে এ ক্ষমতা ব্যবহার করতে উৎসাহিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক আকাশপথে উড্ডয়নের স্বাধীনতার মতো নীতিগুলোকে বেছে বেছে ও একপেশেভাবে তুলে ধরছে। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাতে অন্য দেশগুলোকে দোষারোপ করা হচ্ছে।

বেইজিংয়ের বক্তব্য, বিশ্বে একটিই চীন এবং তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য তাইওয়ান ইস্যু ব্যবহার না করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। চীনের মতে, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব আন্তর্জাতিক সম্পদের অপচয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

যে কারণে শুরু বিরোধ

গত এপ্রিলে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আফ্রিকার দেশ এসওয়াতিনি সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দেশটি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা মাত্র ১২টি দেশের একটি। সফরের জন্য তাইওয়ানের বিমান সংস্থা চায়না এয়ারলাইনস একটি বিশেষ বিমান পরিচালনার অনুমতি পেয়েছিল।

তাইওয়ানের সরকারের ভাষ্য অনুযায়ী, মরিশাস, সেশেলস ও মাদাগাস্কার তাদের নিয়ন্ত্রিত আকাশপথ দিয়ে বিমান চলাচলের অনুমতি প্রত্যাহার করে নেয়। এতে লাইয়ের নির্ধারিত সফর স্থগিত করতে হয়। তাইওয়ানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, চীন অর্থনৈতিক চাপ প্রয়োগ করে দেশগুলোকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে। 

পরে মে মাসে এসওয়াতিনির রাজা তৃতীয় মসওয়াতির ব্যক্তিগত বিমানে দেশটিতে পৌঁছান লাই। সেখানে পৌঁছানোর পর তাঁর সফরের বিষয়টি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের আইসিএওতে জমা দেওয়া নথিতে বিশেষভাবে মরিশাস ও সেশেলসের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। মাদাগাস্কারের বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

সার্বভৌম আকাশসীমা ও আন্তর্জাতিক বিমান চলাচল অঞ্চল

এ বিরোধের কেন্দ্রে রয়েছে সার্বভৌম আকাশসীমা এবং বিমান চলাচল তথ্য অঞ্চল বা ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর)-এর পার্থক্য। কোনো দেশের ভূখণ্ড ও আঞ্চলিক জলসীমার ওপরের আকাশসীমায় ওই দেশের সার্বভৌম অধিকার থাকে। কিন্তু আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে বিস্তৃত এফআইআর কোনো দেশের সার্বভৌম ভূখণ্ড নয়। এ ধরনের অঞ্চলে বিমান চলাচলের নিরাপত্তা, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট দেশকে দেওয়া হয়। তবে সেই দায়িত্বের কারণে আন্তর্জাতিক জলসীমার ওপরের আকাশপথের মালিকানা বা সার্বভৌম অধিকার তৈরি হয় না।

যুক্তরাষ্ট্রের যুক্তি, মরিশাস ও সেশেলসের অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত এ দায়িত্বের সীমা অতিক্রম করেছে। দেশ দুটি বিমান চলাচলের নিরাপত্তা বা পরিচালনাগত কোনো কারণ উল্লেখ না করেই সফরের কয়েক দিন আগে অনুমতি বাতিল করেছিল বলে মার্কিন নথিতে দাবি করা হয়েছে। এ বিষয়ে মরিশাস ও সেশেলসের সরকার এবং তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে মন্তব্য চেয়েছিল রয়টার্স। প্রতিবেদন প্রকাশের সময় তারা কোনো জবাব দেয়নি।

আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানকে ঘিরে টানাপোড়েন

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। অন্যদিকে গণতান্ত্রিকভাবে পরিচালিত দ্বীপটির সরকার বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। চীনের বিরোধিতার কারণে তাইওয়ান জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার সদস্য নয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অংশগ্রহণ, কূটনৈতিক সম্পর্ক এবং বিদেশ সফরের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হয়।

যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না রাখলেও দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। ফলে তাইওয়ানের আন্তর্জাতিক অবস্থান ও নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের বিরোধ দীর্ঘদিনের।

বিশ্লেষকদের মতে, তাইওয়ানের প্রেসিডেন্টের বিমান চলাচলের অনুমতি প্রত্যাহারের ঘটনাটি কেবল একটি সফর বাধাগ্রস্ত হওয়ার বিষয় নয়; আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থাপনা রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হতে পারে কি না, সেই প্রশ্নও সামনে এনেছে। আইসিএও এ বিষয়ে কী অবস্থান নেয়, তা ভবিষ্যতে আন্তর্জাতিক আকাশপথ ব্যবস্থাপনার নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তথ্য সূত্র- রয়টার্স।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit