স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে শুরুতে দাপট দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে নিয়ে এসেছে টাইগাররা। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও লিটন দাসের অপরাজিত ৯২ রানের ইনিংসে ৬ উইকেটে ৩২৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।
প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রাবাদা। ৫১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এই পেসার। তবে বাংলাদেশের ব্যাটারদের এমন প্রত্যাবর্তনে নিজেদের বোলিংয়ের ঘাটতির কথাও স্বীকার করেছেন তিনি।
দিনের খেলা শেষে রাবাদা বলেন, ওয়ান্ডারার্সে বোলিং করা মোটেও সহজ নয়। এখানে লাইন ও লেংথে সামান্য ভুল করলেও ব্যাটাররা তার সুযোগ নিতে পারেন। তাঁর মতে, বোলাররা প্রত্যাশা অনুযায়ী জুটি বেঁধে ধারাবাহিকভাবে চাপ তৈরি করতে পারেননি।
রাবাদার ভাষায়, ‘সম্ভবত আমরা তাদের এখানে-সেখানে হাত খুলে খেলার সুযোগ দিয়েছি। বিশেষ করে পুরোনো বলে পর্যাপ্ত ডট বল তৈরি করতে কিংবা উইকেট নেওয়ার মতো বল করতে পারিনি। আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে বোলিং করতে পারিনি। এই পারফরম্যান্সে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। তবে এখন যে অবস্থায় আছি, সেখান থেকেই লড়াই চালিয়ে যেতে হবে।’
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরপরই বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়েন রাবাদা। ইনিংসের প্রথম বলেই মাহফিজুল ইসলামকে ফিরিয়ে শুরু করেন উইকেট উৎসব। পরের ওভারে মুমিনুল হককে আউট করার পর দুর্দান্ত এক ডেলিভারিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন তিনি।
শুরুর ধাক্কায় বিপর্যস্ত বাংলাদেশকে কিছুটা সামাল দেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে আবারও আক্রমণে ফিরে এই জুটি ভাঙেন রাবাদা। ৬৭ রান করা তানজিদকে ফেরানোর পর পরের বলেই মুশফিকুর রহিমকে সাজঘরে পাঠান তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৮তমবারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন প্রোটিয়া পেসার।
১২১ রানে ৫ উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন দলের হাল ধরেন হৃদয় ও লিটন। দুজনের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। হৃদয় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হলেও লিটন ৯২ রান নিয়ে অপরাজিত আছেন।
কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:৪০