বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : সুন্দরবনে মধু সংগ্রহ কমছে, অথচ বাজারে কমছে না সুন্দরবনের খাঁটি মধুর সরবরাহের দাবি। বরং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিনই দেখা যাচ্ছে ‘১০০ শতাংশ খাঁটি সুন্দরবনের মধু’র বিজ্ঞাপন। বোতলের গায়ে সুন্দরবনের মধু লেখা থাকলেও ভেতরে মিলছে চিনির সিরাপ, কৃত্রিম ফ্লেভার ও নানা উপাদানের মিশ্রণ।

বিভিন্ন দেশের আমদানি করা মধুও সুন্দরবনের আসল মধু বলে বিক্রির অভিযোগ রয়েছে। ফলে উৎপাদন ও বাজারের সরবরাহের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের অসংগতি। এই সুযোগে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে পড়ে ঠকছেন ক্রেতারা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সুন্দরবনে মধু সংগ্রহ হয়েছিল ১০৪ দশমিক ৪ টন। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ১ টনে। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে প্রকৃত মধু সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু অনলাইন বাজারে সুন্দরবনের মধু বিক্রির প্রচার ও সরবরাহের দাবি বেড়েই চলেছে। 

প্রশ্ন উঠেছে, সুন্দরবনে মধু সংগ্রহ কমলে বাজারে এত খাঁটি সুন্দরবনের মধু আসছে কোথা থেকে? এসব মধুর প্রকৃত উৎস কী? আর উৎপাদনের সঙ্গে বাজারজাত পণ্যের কোনো সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করছে কোন সংস্থা?

বিজ্ঞাপন দেখে কিনে প্রতারণার শিকার

সম্প্রতি অনলাইনে সুন্দরবনের খাঁটি মধুর বিজ্ঞাপন দেখে এক কেজি মধু অর্ডার করেন রাজধানীর মিরপুরের গৃহিণী আফিয়া আঞ্জুমান। এক কেজি মধুর দাম নেওয়া হয় ২ হাজার ৫০০ টাকা। কিন্তু পণ্য হাতে পাওয়ার দুই দিন পরই সেটির মান নিয়ে সন্দেহ হয় তাঁর।

আফিয়া আঞ্জুমান যুগান্তরকে বলেন, ‘খাঁটি সুন্দরবনের মধু ভেবে ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু মধু হাতে পাওয়ার পর দেখি, সেটি জমে যাচ্ছিল। মুখে দিলে চিনির দানার মতো অনুভূত হচ্ছিল। তখনই সন্দেহ হয়, পণ্যটি ভেজাল।’

তিনি আরও বলেন, ‘খাঁটি মধুর বিজ্ঞাপন দেখে বিশ্বাস করে কিনেছিলাম। এত টাকা দিয়ে মধু কিনে এখন দেখি সেটি নকল। বিষয়টি অনলাইন পেজে জানানোর পরও কেউ আমার অভিযোগে কর্ণপাত করেনি। টাকাটাও ফেরত পাইনি। খাঁটি মধুর আশায় টাকা খরচ করে শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি।’

শুধু আফিয়া আঞ্জুমান নন, অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের ছবি এবং খাঁটি মধুর নিশ্চয়তা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন বিক্রেতার বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে পণ্যের উৎপাদনস্থল, সংগ্রহকারী, সরবরাহকারী কিংবা পরীক্ষাগারের সনদ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় না।

জিআই স্বীকৃতির সুযোগ নিচ্ছে অসাধু চক্র

সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় এর পরিচিতি ও বাজারমূল্য বেড়েছে। এই পরিচিতিকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল বা নিম্নমানের মধু সুন্দরবনের আসল মধু বলে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জিআই স্বীকৃতি পাওয়ার পর সুন্দরবনের মধুর পরিচিতি ও বাজারমূল্য আরও বেড়েছে। কিন্তু একের পর এক অভিযানেও বাজারে খাঁটি মধু নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ভেজাল ঠেকাতে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর অনুসরণব্যবস্থা নেই। বাজারে খাঁটি মধু নিশ্চিত করার দায়িত্ব যেসব সংস্থার, তারা নিয়মিত কতটি নমুনা পরীক্ষা করছে এবং অনলাইনে বিক্রি হওয়া মধুর মান যাচাইয়ের ব্যবস্থা কতটা কার্যকর, সেটিও খতিয়ে দেখা দরকার।

নাজের হোসাইন আরও বলেন, সুন্দরবনের মধুর পরিচয় ব্যবহার করে প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুধু কারখানায় অভিযান চালিয়ে বা পণ্য জব্দ করে এ বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়। উৎপাদনের উৎস থেকে শুরু করে সরবরাহ ও বিক্রির প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে।

ভেজাল মধুতে স্বাস্থ্যঝুঁকি

চিনির সিরাপ দিয়ে তৈরি ভেজাল মধু শুধু ক্রেতার আর্থিক ক্ষতিই করছে না, তৈরি করছে স্বাস্থ্যঝুঁকিও। এ বিষয়ে পুষ্টিবিদ ফারজানা কান্তা বলেন, চিনি মিশিয়ে তৈরি ভেজাল মধু অতিরিক্ত গ্রহণ করলে শরীরে শর্করা ও ক্যালরির পরিমাণ বেড়ে যায়। এতে ওজন বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে।

তিনি বলেন, ভেজাল মধুতে অননুমোদিত রং, কৃত্রিম ফ্লেভার বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হলে সেগুলোর ধরন ও পরিমাণ অনুযায়ী স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। সাধারণ ক্রেতাদের পক্ষে ঘরোয়া পদ্ধতিতে মধুর বিশুদ্ধতা নিশ্চিত করা সম্ভব নয়।

তার মতে, জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিয়মিত বাজার তদারকি, নমুনা পরীক্ষা এবং ভেজাল পণ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

কমছে মধু সংগ্রহ, বাড়ছে সংকট

দেশের মধুর বাজারে সুন্দরবনের প্রাকৃতিক মধুর বিশেষ চাহিদা রয়েছে। তবে উৎপাদন ও সংগ্রহ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সুন্দরবন থেকে ১ হাজার ৭৩৮ কুইন্টাল মধু সংগ্রহ করা হয়েছে। গত বছর একই সময়ে সংগ্রহের পরিমাণ ছিল ২ হাজার ৭৬ কুইন্টাল। অর্থাৎ সংগ্রহ কমেছে ৩৩৮ কুইন্টাল বা প্রায় ১৬ শতাংশ। একই সময়ে ৫২১ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উৎপাদন ও সংগ্রহের এই ঘাটতি বাজারে কতটা প্রভাব ফেলেছে, তা বুঝতে স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত, রপ্তানি ও খুচরা বিক্রির তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষ করে সুন্দরবনের মধু নামে বাজারজাত করা পণ্যের প্রকৃত উৎস শনাক্ত করা জরুরি।

বনে যেতে ভয়, কমছে মৌয়াল

পরিবেশবিদ, মৌয়াল ও মধু ব্যবসায়ীদের মতে, সুন্দরবনে মধু সংগ্রহ কমে যাওয়ার পেছনে নিরাপত্তাহীনতা ও পরিবেশগত পরিবর্তনের ভূমিকা রয়েছে। 

বনদস্যুদের ভয়, চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণের আশঙ্কায় অনেক মৌয়াল বনে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে কিছু এলাকায় মধু সংগ্রহের পরিমাণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততা বৃদ্ধি এবং ফুল ফোটার ধরনে পরিবর্তনের কারণে খলিশা, গরান ও কেওড়ার মতো মধু উৎপাদনে গুরুত্বপূর্ণ উদ্ভিদে পর্যাপ্ত ফুল না ফোটার অভিযোগ রয়েছে।

এ ছাড়া অভয়ারণ্যের সীমানা বৃদ্ধি এবং মধু আহরণের সময়সীমা তিন মাস থেকে কমিয়ে দুই মাস করায় মৌয়ালদের সংগ্রহের সুযোগ সীমিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কথা হয় মৌয়াল মো. আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে যাই। কিন্তু এখন বিভিন্ন কারণে সংগ্রহ কমেছে। অথচ বাজারে সুন্দরবনের মধু বিক্রি বাড়তে দেখছি।’

তিনি আরও বলেন, সুন্দরবনের মধুর চাহিদার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে তা সুন্দরবনের মধু বলে বিক্রি করছেন। এ বিষয়ে যথাযথ তদারকি প্রয়োজন।

অভিযান হচ্ছে, তবু বন্ধ হচ্ছে না ভেজাল বাণিজ্য

সম্প্রতি কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ এবং ফেনীতে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরির অভিযোগ সামনে আসার পর বাজার তদারকির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ক্যাবের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু কারখানায় অভিযান বা পণ্য জব্দ করলেই ভেজাল মধুর বাণিজ্য বন্ধ হবে না। উৎপাদনের কাঁচামাল, খাদ্যপণ্যের মান, মোড়ক ও লেবেল, অনলাইন বিক্রেতা এবং কুরিয়ার নেটওয়ার্ক—সব ক্ষেত্রেই নজরদারি প্রয়োজন।

বিশেষ করে সুন্দরবনের মধু নামে বিক্রি হওয়া পণ্যের উৎস যাচাই, পরীক্ষাগারে নমুনা পরীক্ষা, সরবরাহকারীর পরিচয় শনাক্ত এবং জব্দ করা পণ্য ধ্বংস বা নিষ্পত্তির পরবর্তী তথ্য প্রকাশ করা জরুরি। একই সঙ্গে ভেজাল পণ্যের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার অগ্রগতি জনসমক্ষে আনতে হবে, যাতে একই চক্র নতুন নামে আবার ব্যবসা শুরু করতে না পারে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, অধিদপ্তরে জনবল সংকট রয়েছে। তবে বিদ্যমান জনবল দিয়েই সপ্তাহের প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে। কাঁচাবাজার, ডিপার্টমেন্টাল স্টোরের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও নজরদারি চলছে।

তিনি বলেন, ‘ভেজাল খাদ্য নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সে অনুযায়ী অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন। ভেজাল মধু নির্মূলেও কার্যক্রম চলছে। তদারকির মাধ্যমে ভেজাল মধু বিক্রি বন্ধ করা হচ্ছে।’

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী পরিচালক যুগান্তরকে বলেন, বিএসটিআই খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করে প্রযোজ্য নিয়ম অনুযায়ী মানসনদ ও অনুমোদন দিয়ে থাকে। অভিযানে বিএসটিআইয়ের মানচিহ্নবিহীন পণ্য পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, বিভিন্ন সময়ে অভিযানে ভেজাল মধুও পাওয়া গেছে। এসব ঘটনায় অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের অভিযান চলমান রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ভবিষ্যতেও মধুর নামে ভেজাল বা ক্ষতিকর পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে তা জব্দ করে ধ্বংস করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit