বিনোদন ডেস্ক : বহুবচন নাট্যদল মঞ্চায়ন করেছে তাদের দর্শকনন্দিত প্রযোজনার নাটক ‘অনিকে সন্ধ্যা’। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।
প্রবীণ মানুষের অবহেলা, নিঃসঙ্গতা ও পারিবারিক সংকটের এক নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে নাটকটিতে। জীবনের দীর্ঘ কর্মময় সময় পার করে বার্ধক্যে উপনীত হওয়ার পরও কেন একজন মানুষ পরিবারে অবমূল্যায়িত হন, সেই প্রশ্নই নাটকটির মূল উপজীব্য।
নাট্যকার চন্দন সেনের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আরহাম আলো। সার্বিক পরিচালনায় ছিলেন তৌফিকুর রহমান।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র ৮৭ বছর বয়সী সংগীতশিল্পী ও সুরকার মুখার্জি। তিনি তার ৬১ বছর বয়সী বিপত্নীক ছেলে কর্ণদেব, নাতি ও নাতবউয়ের সঙ্গে বসবাস করেন। একই ছাদের নিচে কয়েক প্রজন্মের বসবাস হলেও ক্রমেই পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। একপর্যায়ে নাতি ও নাতবউ তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেন। এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
নাটকটিতে বার্ধক্যের মনস্তাত্ত্বিক সংকট, আত্মমর্যাদাবোধ, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
নির্দেশক আরহাম আলোর বলেন, বর্তমান সমাজে বার্ধক্য যেন এক নিঃশব্দ অভিশাপে পরিণত হয়েছে। জীবনের সব দায়িত্ব পালন শেষে মানুষ যখন অবসরে যায়, তখন পরিবার ও সমাজে অনেক সময় তাকে অবমূল্যায়িত হতে হয়। এই বাস্তবতার প্রতিচ্ছবিই ‘অনিকেত সন্ধ্যা’। প্রবীণদের প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তাদের প্রতি মানবিক দায়িত্ববোধ তৈরিই নাটকটির অন্যতম উদ্দেশ্য।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিস উদ দৌলা, তৌফিকুর রহমান, আরহাম আলো, রুমানা, আদিব, ফিরোজ, আয়েশা, মনু মাসুদ প্রমুখ।
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৬