আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, আভা বিমানবন্দরে ড্রোন এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। তবে সৌদি নেতৃত্বাধীন জোট একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রথম অভিযানে ড্রোন দিয়ে আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়। এতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া দ্বিতীয় অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এ হামলাতেও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেন ইয়াহিয়া সারি।
অন্যদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (স্পা) অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সূত্র: আলজাজিরা, শাফাক
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/রাত ৫:২৮