মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু। একের পর এক বাংলা ধারাবাহিকে কাজ করে গড়ে তুলেছিলেন পরিচিতি। তবে ‘বিগ বস বাংলা ৩’–এ অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন টালিউড অভিনেত্রী নন্দিনী দত্ত। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, রাজবীর দের সঙ্গে চুম্বন, প্রেম ও ঝগড়া—সব মিলিয়ে এখন বিতর্কের কেন্দ্রে তিনি। কে এই নন্দিনী? কীভাবে গড়ে উঠেছে তার অভিনয়জীবন?

কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো ঘরের অন্য সদস্যদের সঙ্গে বাদানুবাদ—বিভিন্ন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন নন্দিনী। সর্বশেষ ১ নভেম্বর তাকে শো থেকে বেরিয়ে যেতে দেখা গেলেও পরে জানা যায়, সেটি ছিল বিশেষ চমক। তাকে পাঠানো হয়েছে সিক্রেট রুমে।

নন্দিনী দত্ত কলকাতার মেয়ে। ২০১৯ সালে বাংলা টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে তার পেশাদার যাত্রা শুরু হয়। শুরুতে বড় কোনো পরিচিতি না থাকলেও ধীরে ধীরে ধারাবাহিকে কাজ করে নিজের জায়গা তৈরি করেন তিনি। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু নন্দিনীর। এরপর কাজ করেন ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে। ২০২১ থেকে ২০২২ সালের প্রচারপর্বে ধারাবাহিকটির ১৯২টি পর্বে অভিনয় করেন তিনি। পরে ‘রামকৃষ্ণা’ ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রে দেখা যায় তাকে।

টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন নন্দিনী। ‘বোধন’ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এরপর ‘দুই শালিক’ ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করে পরিচিতি বাড়ে। স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না নন্দিনীর জন্য। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাকে দেখে অনেকেরই মনে হয়েছিল, তিনি নাকি ‘হিরোইন ম্যাটেরিয়াল’ নন।

অভিনয়জীবনের এক পর্যায়ে হতাশ হয়ে পেশা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। প্রতিদিন কাঁদতেন, বাবার বকাঝকাও শুনতে হতো—এমন কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন নন্দিনী। নন্দিনীর ব্যক্তিগত জীবন নিয়েও আগে আলোচনা হয়েছে। ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে দুজনের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাদের সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে একসময় একই ছাদের নিচেও থেকেছেন। আরিয়ানের বাড়িতে নিজেদের জন্য আলাদা ক্লজেট ও মেকআপ রুমও তৈরি করেছিলেন নন্দিনী। তবে ২০২৫ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। কেন সম্পর্ক ভেঙেছিল, সে বিষয়ে দুজনের কেউই বিস্তারিত জানাননি। ২০২৬ সালের ৩০ আগস্ট শুরু হয় ‘বিগ বস বাংলা ৩’। দীর্ঘ ১০ বছর পর বাংলা টেলিভিশনে ফিরে আসে জনপ্রিয় এই রিয়েলিটি শো। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন নন্দিনী। তবে তার আলোচনায় থাকার অন্যতম কারণ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে। রাজবীর ঘরে প্রবেশের পর থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসঙ্গে সময় কাটানো, খুনসুটি ও অভিমান—সবই ধরা পড়ে ক্যামেরায়। দর্শকদের একাংশ তাদের জুটির নাম দেন ‘রাজনন্দিনী’।

রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা আরও বাড়ে সেপ্টেম্বরের শেষ দিকে। ‘বিগ বস’–এর ঘরের ভেতর দুজনের চুম্বনের দৃশ্য প্রচারিত হলে শুরু হয় নতুন বিতর্ক। দর্শকদের একাংশ বিষয়টিকে স্বাভাবিক প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন। অন্যদিকে অনেকের প্রশ্ন, পারিবারিক দর্শকের জন্য নির্মিত রিয়েলিটি শোতে এ ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রচার করা কতটা যুক্তিসংগত।

নন্দিনীকে সবচেয়ে বেশি বিতর্কের মুখে ফেলেছে ক্যাপ্টেন্সি টাস্কের একটি ঘটনা। প্রতিযোগীদের কাঠের ঘোড়ায় বসে থাকতে হয়েছিল। অন্যদের লক্ষ্য ছিল কৌশলে প্রতিপক্ষকে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া। তবে সরাসরি ধাক্কা দেওয়া বা শারীরিকভাবে আঘাত করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল।

টাস্ক চলার সময় প্রথমে রাজবীরের ঘোড়া উল্টে দেন নন্দিনী। পরে সহপ্রতিযোগী সৃজলা গুহর সঙ্গে কথা বলার সময় তার ঘোড়াটিও উল্টে যায়। এতে মেঝেতে পড়ে যান সৃজলা। ব্যথায় তাকে কাঁদতেও দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় টাস্ক বন্ধ করে সৃজলাকে চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিনীর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তাকে শো থেকে বাদ দেওয়ার দাবিও জানান। পরে নন্দিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। ছোট পর্দার পরিচিত অভিনেত্রী থেকে ‘বিগ বস’–এর বিতর্কিত প্রতিযোগী—নন্দিনী দত্তের সাম্প্রতিক যাত্রা এখন দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit