আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে প্রকাশ্যেই ব্যক্তিগত আক্রমণ করেছেন। রয়টার্সের ওই সাংবাদিকের শারীরিক গঠন ও চেহারা নিয়ে কটূক্তি করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সফর শেষে ফেরার পথে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তার চেহারা দেখতে খুবই বাজে লাগছে’।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্যে জানা গেছে, মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এ ঘটনা ঘটে। কর্মসূচি শেষে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি অনেক ভ্রমণ করছেন। আমরাও আপনার সঙ্গে অনেক জায়গায় যাচ্ছি। আপনি কেমন আছেন? আপনার স্বাস্থ্য কেমন?’
জবাবে ট্রাম্প নিজেকে সুস্থ থাকার দাবি করে বলেন, ‘আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন।’ এরপর তিনি একটি নির্বাচনি সমাবেশের প্রশংসা করেন এবং বলেন, ‘আগামী মঙ্গলবার রাতে আমাদের ভালো ফল হবে।’
তবে সাংবাদিক আবারও প্রশ্ন করেন, ‘তাহলে কানসাসে না যাওয়ার সঙ্গে ভ্রমণে ক্লান্ত হয়ে পড়ার কোনো সম্পর্ক নেই?’ এবার প্রশ্নকর্তার দিকেই আক্রমণ শানান ট্রাম্প। প্রতিবেদকের সংবাদমাধ্যমের পরিচয় জেনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনি একজন অসুস্থ মানুষ। আর রয়টার্সের অবস্থা খুবই জঘন্য (টেরিবল)।’
এরপর সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা খুবই জঘন্য। কতটা খারাপ অবস্থায় আছেন, দেখুন! তিনি আমার কাছে এসে বলছেন, স্যার, আপনি কানসাসে যাচ্ছেন না কেন?’
ট্রাম্প বলেন, ‘আমি কানসাসে যাচ্ছি না, কারণ তিনি (সিনেটর রজার মার্শাল) সেখানে খুব ভালো করছেন। আমি দূর থেকে নির্বাচনি সমাবেশে অংশ নেব। আগামীকাল ফ্লোরিডায় যাচ্ছি।’
সাংবাদিকের প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘তিনি জানতে চাইলেন, এর কারণ কী? আমি ইতোমধ্যে ২৮টি (সমাবেশ বা সফর) করার পরও তিনি জানতে চান, স্যার, আপনি কানসাসে যাচ্ছেন না কেন? আপনি কি ভালো বোধ করছেন না?’
এরপর ট্রাম্প বলেন, ‘আপনি গত দুই সপ্তাহ ধরে আমাকে অনুসরণ করছেন। আমি পুরোপুরি সুস্থ বোধ করছি। আপনি ঘৃণ্য। নিজের শরীরের যত্ন নিন। আপনাকে দেখে খুবই বাজে লাগছে (ইউ লুক লাইক হেল)।’
ডোনাল্ড ট্রাম্প অতীতেও সাংবাদিকদের উপহাস করেছেন। তবে নারী সাংবাদিকদের ক্ষেত্রে তার কটূক্তি প্রায়ই শারীরিক গঠন বা চেহারা নিয়ে হয়েছে। গত বছর পুনরায় ক্ষমতায় ফেরার পর তিনি এক নারী সাংবাদিককে ‘শূকরী’ এবং আরও অন্তত দুজনকে ‘ভেতর ও বাইরে’ কুৎসিত বলে আক্রমণ করেন।
কিন্তু সম্প্রতি প্রচারণার শেষ পর্যায়ে এসে ট্রাম্পের আচরণে ভিন্ন এক ধারা দেখা যাচ্ছে। এখন তিনি পুরুষদের শারীরিক গঠনের প্রশংসায় মুখর হয়েছেন। বিশেষ করে, ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের পেশিবহুল নিতম্ব নিয়ে তিনি বারবার কথা বলছেন। ভোটারদের কাছে তার ফুটবল খেলার অতীত কৃতিত্বও তুলে ধরছেন। অথচ এর আগে এই সিনেটর ভোটারদের কাছে খুব একটা পরিচিত ছিলেন না।
এদিকে, এই সপ্তাহের শেষে ট্রাম্পের নির্ধারিত কানসাস সফর বাতিল করা হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ‘দ্য পোস্ট’-কে জানিয়েছেন, ট্রাম্প ‘নির্বাচনের দিনের আগে ২০টিরও বেশি টেলি-র্যালির মাধ্যমে দেশব্যাপী আমেরিকানদের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাবেন।’
বিশ্লেষকদের মতে, অসুস্থতা নিয়ে ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল। তার এই মানসিকতার প্রমাণ মেলে প্রথম মেয়াদের যোগাযোগ পরিচালক হোপ হিকসের সেই বিখ্যাত ঘোষণায়, যেখানে তিনি বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কখনো ক্লান্ত হন না এবং তিনি কখনো অসুস্থও হন না।’
সূত্র: নিউইয়র্ক পোস্ট
কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৬,/রাত ৫:৫৮