নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হওয়া কিশোর অটোরিকশা চালক মনির হোসেন (১৬) হত্যা ও বাহন ছিনতাই মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশার ৪টি ব্যাটারি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো— নরসিংদীর রায়পুরা এলাকার আসাদ মিয়া ওরফে এরশাদ (৩৮) এবং জাহিদুল মিয়া (৩০)। পিবিআই জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে রায়পুরা থানার চরসুবুদ্ধি এলাকার মোঃ শাহআলম মিয়ার ছেলে কিশোর মনির হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ২৭ সেপ্টেম্বর রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবার।
পরবর্তীতে গত ৫ অক্টোবর সকালে রায়পুরার আদিয়াবাদ শিকদারপাড়া (দরগাবাড়ি) সংলগ্ন বিলের পানিতে কচুরিপানার নিচে ক্লু লেস একটি ভাসমান লাশ পাওয়া যায়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি মনিরের বলে শনাক্ত করেন। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিরের প্যান্টের বেল্ট দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর আলামত ও লাশ গুম করতে বিলের পানিতে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় ৬ অক্টোবর রায়পুরা থানায় হত্যা মামলা হয়।
ঘটনাটি পিবিআই নরসিংদীর নজরে আসলে স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শেষে বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পলাশ থানার ঘোড়াশাল বাগপাড়া এলাকা থেকে প্রধান আসামি আসাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসাদের স্বীকারোক্তি ও দেখানো মতে অটোরিকশার ৪টি ১২ ভোল্টের ‘Gaston plus’ ব্যাটারি উদ্ধার করা হয়। অটোরিকশাটি খুলে বিভিন্ন পার্টস আলাদা করে বিক্রি করা হয়েছে বলে সে স্বীকার করে।
আসাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে কুমিল্লা জেলার লালমাই বাজার এলাকা থেকে অপর আসামি জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/রাত ৮:৩৮