ডেস্ক নিউজ : চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার। শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ক্যারল ক্রিস্টাইন ফেয়ার বলেন, বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থে ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ নিয়ে চীন ও ভারতের যে মাত্রায় আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের ততটা নেই। এর পেছনে বড় কারণ হলো এসব দেশের নিজেদের মধ্যকার প্রতিযোগিতা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই।
বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে—এমন ধারণার বিষয়ে মার্কিন এই অধ্যাপক বলেন, ‘আমি আসলে সে ধরনের কোনো প্রতিযোগিতা দেখি না। বরং এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়াটাই আমি দেখতে পাচ্ছি।’
চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাধা দিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না যে, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে।’তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই শুনেছি, বাংলাদেশ সেটাই করবে, যা তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো।’
মক্কা প্যাক্টে বাংলাদেশের আগ্রহ
এদিকে মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বাংলাদেশে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে তিনি মনে করেন। তবে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানান তিনি।
তুরস্কের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘আমি এখন আর তুরস্ক সরকারের হয়ে কাজ করি না। আমি একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত। তাই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী করবে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে আমি জানি যে এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ রয়েছে।’
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:২২