ক্যাপশন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোচাগঞ্জ বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেব ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, নির্বাচনের পূর্বে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশ থিয়েটার (ওটি) ছিল না। আমি নির্বাচনের সময় বলেছিলাম আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে বিরল এবং বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ করে প্রসূতি মাদের জন্য যারা দরিদ্র অসহায় দিনাজপুরে গিয়ে কষ্ট করে তাদের জন্য অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হবে।
ইতিমধ্যে আমরা বিরলে সেটা চালু করেছি। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে এই ওটিটি চালু করলাম। আজকে আমি আনন্দিত কারণ দরিদ্র প্রসূতি মাদেরকে আর দিনাজপুরে গিয়ে কষ্ট করার পাশাপাশি টাকা খরচ করতে হবে না। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তারা নিরাপদে সিজার করাতে পারবেন। আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের নির্বাচনী কমিটমেন্ট গুলো একের পর এক এভাবেই ফুলফিল করতে পারি।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। স্বাস্থ্যখাতকে উন্নত করার জন্য প্রত্যেকটি হাসপাতালকে যেটা ৫০ শয্যা ছিল সেটা ১০১ শয্যা এবং যেটা ১০০ আছে সেটাকে ১৫১ শয্যা করা হবে। এরকম একটা পরিকল্পনা আমরা নিয়েছি। শুধু হাসপাতাল বিল্ডিং করেই আমরা ক্ষান্ত খাকতে চাই না। সেবার মান কিভাবে ভাল হবে এজন্য আমাদের ডাক্তাররা নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রুপান্তরিত করতে পারবো।
দিনাজপুরের বোচাগঞ্জে ২৩ সেপ্টেম্বর বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোচাগঞ্জ বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায় এর সভাপতিত্বে এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিভিল সার্জন দিনাজপুর গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক সফিকুল আলম।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন জামাল, যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, যুবনেতা ওমর ফারুকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উল্লে থাকে যে, অপারেশন থিয়েটার উদ্বোধনের প্রথম দিনই একটি সফল সিজার করেছেন চিকিৎসকরা। প্রসূতি মা ও পুত্র দুজনেই সুস্থ রয়েছেন। মাননীয় সংসদ সদস্য প্রসূতি মা ও নবজাতক শিশুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। অপর দিকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশ থিয়েটার (ওটি) চালু করায় বোচাগঞ্জবাসী স্থানীয় সংসদ সদস্য পিনাক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৮