স্পোর্টস ডেস্ক : জার্মানির পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়ন শেষে ঘাঁটিতে ফেরার পথে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এতে পাইলট আহত হয়েছেন।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, চারটি এফ-১৬ যুদ্ধ বিমান নিয়ে নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলছিল। মহড়া শেষে স্প্যাংডাহলেমে ফেরার সময় একটি বিমান বিধ্বস্ত হয়। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তার আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। জার্মান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ মহড়ায় চারটি এফ-১৬ অংশ নিয়েছিল। এর মধ্যে দুটি তখনও প্রশিক্ষণ এলাকায় ছিল এবু দুটি ঘাঁটির দিকে ফিরছিল। ফেরার পথে ওই দটি বিমানের একটি বিধ্বস্ত হয়। পরে বাকি বিমানগুলো রামস্টেইন বিমানঘাঁটির দিকে ঘুরিয়ে নেওয়া হয় এবং নিরাপদে অবতরণ করে।
ঘটনার কারণ তদন্তধীন
বিমান বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। মার্কিন সামরিক বাহিনী ও জার্মান কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে বিমানটির কারিগরি অবস্থা, উড্ডয়নকালীন পরিস্থিতি এবং দুর্ঘটনার আগে ঘটে যাওয়া ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইং অবস্থান করছে। ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে ন্যাটোর কার্যক্রমে বিমান সহায়তা দেওয়ার ক্ষেত্রে এই ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ঘাঁটিতে প্রায় ২০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে বলে জার্মান সংবাদ সংস্থা ডিপিএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে সামরিক ও বেসামরিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যসহ কয়েক হাজার মানুষ অবস্থান করেন।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় এফ-১৬ দুর্ঘটনা
জার্মানিতে এ দুর্ঘটনার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে আরেকটি এফ-১৬ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। মিশিগানের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় টেক্সাস ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ দুর্ঘটনার কবলে পড়ে।
সেখানেও পাইলট নিরাপদে ইজেক্ট হতে স্কষম হন এবং তার শারীরক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। তবে জার্মান ও যুক্তরাষ্ট্রের ঘটা দুটি দুর্ঘটনার মধ্যে কোনো যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৪