খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
৩৬
Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ও বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
অনুষ্ঠানে খাগড়াছড়ির ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে মোট ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়। নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিনও বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার নয়টি উপজেলায় ৯০ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার কথা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষা সহায়তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ সরবরাহের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। পাহাড়ের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সরকার শিক্ষা সহায়তা অব্যাহত রাখবে।” তিনি মেধার ভিত্তিতে সরকারি সুবিধা নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও সরকার কাজ করছে।
তিনি আরও জানান, তিন পার্বত্য জেলায় আগামীতে প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীকে তিন কোটি টাকা শিক্ষা বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন, তুলেদেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
পরে দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের হেডম্যান পাড়ায় নবনির্মিত গিরিফুল শিশু সদন উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।