আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রায় দেড় বছরের কূটনৈতিক টানাপোড়েনের পর গ্রিনল্যান্ডকে ঘিরে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। নতুন চুক্তির আওতায় আর্কটিক অঞ্চলের এই দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী কোনো দেশ সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ পাবে না। খবর রয়টার্সের।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমার নির্দেশনায় মার্কিন প্রতিনিধিরা ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, যেন এটি নিশ্চিত করা যায় যে—গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে গ্রিনল্যান্ডে যা যা কিছু করা প্রয়োজন, সেসব করার পূর্ণ এখতিয়ার যুক্তরাষ্ট্রের চিরকাল থাকবে।
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা অঞ্চলে অবস্থিত হলেও এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রায় ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে বসবাস করেন প্রায় ৫৭ হাজার মানুষ, যাদের বড় অংশই ইনুইট জনগোষ্ঠীর সদস্য। একই সঙ্গে তারা ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিক।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। তবে সেই ধারণার বিরোধিতা করে আসছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই। শেষ পর্যন্ত মালিকানা পরিবর্তনের পরিবর্তে নিরাপত্তা ও সামরিক সহযোগিতাকেন্দ্রিক একটি সমঝোতায় পৌঁছেছে তিন পক্ষ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নির্মাণ এবং সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার পথ উন্মুক্ত হয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৫৪