জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াসউদ্দিন, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিএনপি নেতা শাহ আলমসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ,এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হবে।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে তাদের পরিবেশ সচেতন ও বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা করতে হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা বলেন, পার্বত্যাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বর্তমান প্রজন্মকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপির নির্দেশনায় এ কর্মসূচির অংশ হিসেবে মাটিরাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের বিতরণ করা প্রতিটি গাছের চারা নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে এক হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:০৪