স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে নাটকীয় হারের কয়েক মাসের মধ্যেই আবারও জাপানকে ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে। নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চার দেশের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ মুখোমুখি হবে দুই দল। টুর্নামেন্টে ব্রাজিল ও জাপানের পাশাপাশি খেলবে প্যারাগুয়ে এবং স্বাগতিক সিঙ্গাপুর। ১৩ থেকে ১৭ নভেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ পর্বেও মুখোমুখি হয়েছিল দল দুটি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির করা গোলেই নাটকীয় জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের সেই পরাজয়ের ক্ষত এখনো শুকায়নি জাপানের। ফলে সিঙ্গাপুরের ম্যাচটি আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচ হলেও জাপানের জন্য এটি বিশ্বকাপের হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ হয়ে উঠতে পারে।
১৩ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। পরদিনই হবে ব্রাজিল-জাপানের লড়াই। ১৭ নভেম্বর টুর্নামেন্টের শেষ দিনে দুটি ম্যাচ রয়েছে—প্রথমটিতে ব্রাজিল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে, আর দ্বিতীয় ম্যাচে জাপানের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে। বিশ্বকাপ-পরবর্তী ব্যস্ত সূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল।
কার্লো আনচেলত্তির দল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলের। সেই ধারাবাহিকতায় নভেম্বরে সিঙ্গাপুরে আবারও জাপানের মুখোমুখি হবে তারা।
কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০