বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ডলার ও ট্রেজারি বন্ডের সুদ কমায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। শুক্রবার প্রকাশিতব্য এই প্রতিবেদনটি ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্ত নিয়ে বাজারের প্রত্যাশায় বড় প্রভাব ফেলতে পারে। খবর রয়টার্স

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ১২টা ৩০ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২২ ডলারে উঠেছে। এর আগে বুধবার প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬৭ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। একই সময়ে দেশটির ট্রেজারি বন্ডের সুদও কয়েক বছরের সর্বোচ্চ পর্যায় থেকে কমেছে। ডলারের দর কমলে ডলারে মূল্য নির্ধারিত ধাতু অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে তুলনামূলক সস্তা হয়ে যায়। শুক্রবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের বাইরের কর্মসংস্থান বা ননফার্ম পেরোলসের তথ্য প্রকাশ করা হবে। এর আগে বুধবার প্রকাশিত এডিপি ন্যাশনাল এমপ্লয়মেন্ট রিপোর্টে দেখা যায়, আগস্টে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে কর্মসংস্থান মাঝারি হারে বেড়েছে।

টেস্টলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ‘সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ। কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হলে এবং সেপ্টেম্বরে সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে গেলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।’তিনি বলেন, ‘স্বর্ণের দাম যদি বর্তমান ৪ হাজার ৪০০ ডলারের ওপর অবস্থান ধরে রাখতে পারে, তাহলে তা আবার ৪ হাজার ৫০০ ডলার এবং পরে ৪ হাজার ৭০০ ডলারের দিকে যেতে পারে।’

অর্থাৎ, কর্মসংস্থানের প্রতিবেদন প্রত্যাশার চেয়ে দুর্বল হলে এবং সেপ্টেম্বরে সুদ বাড়ানোর সম্ভাবনা কমে গেলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। ৪ হাজার ৪০০ ডলারের স্তর অতিক্রম করতে পারলে স্বর্ণের দাম আবার ৪ হাজার ৫০০ এবং পরে ৪ হাজার ৭০০ ডলারের দিকে যেতে পারে বলে মনে করছেন তিনি। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৬৩ শতাংশ হিসেবে দেখছে বাজার।

বুধবার ফেডারেল রিজার্ভের প্রকাশিত এক মিশ্র প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড সামান্য বেড়েছে, কর্মসংস্থানও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পণ্যের দাম মাঝারি হারে বেড়েছে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হবে কি না, তা নিয়ে নীতিনির্ধারকদের সিদ্ধান্তে এই প্রতিবেদন খুব বেশি প্রভাব ফেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বাড়লে কোনো আয় না দেওয়া এই মূল্যবান ধাতু ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়।

এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিতেও নজর রয়েছে বিনিয়োগকারীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয়, সে বিষয়ে চাপ দিচ্ছেন বলে সংশ্লিষ্ট চার ব্যক্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যুদ্ধের বিস্তার রিপাবলিকানদের নির্বাচনী ক্ষতি বাড়াতে পারে। সূত্রগুলো জানিয়েছে, নভেম্বরের ৩ তারিখের ভোটের পর হোয়াইট হাউস সামরিক অভিযান আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৭৯ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০.৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৩ দশমিক ৫৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৮ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণ ও রুপার দাম।মূলত, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই দেশের বাজারেও মূল্যবান ধাতুগুলোর দাম আরও বাড়ানো হতে পারে। 

সবশেষ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্বর্ণেল দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৬৮৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit