তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ও সম্পাদিত ছবি-ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে কোনো কনটেন্ট আসল নাকি এআই দিয়ে তৈরি—তা শনাক্ত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। ব্যবহারকারীদের এ বিষয়ে আরও স্বচ্ছ ধারণা দিতে নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সন ২৬.৩৪.১০.৭০-এ নির্বাচিত টেস্টফ্লাইট ব্যবহারকারীদের কাছে ফিচারটি পরীক্ষামূলকভাবে দেখা যাচ্ছে। ফলে এখনই সব আইফোন ব্যবহারকারী এই সুবিধা পাবেন না।
নতুন ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপ চ্যানেলের জন্য তৈরি করা হয়েছে। কোনো চ্যানেলে প্রকাশিত ছবি বা ভিডিও এআইয়ের সাহায্যে তৈরি অথবা সম্পাদিত হলে অ্যাডমিন সেটির সঙ্গে ‘এআই কনটেন্ট লেবেল’ যুক্ত করতে পারবেন। এতে পোস্টটি দেখার সময় দর্শক জানতে পারবেন যে সংশ্লিষ্ট মিডিয়ার সঙ্গে এআই ব্যবহারের বিষয়টি ঘোষণা করা হয়েছে।
যেভাবে কাজ করবে
চ্যানেলের কোনো আপডেটের কন্টেক্সট মেনুতে ‘এআই কনটেন্ট লেবেল’ নামে একটি অপশন থাকতে পারে। অ্যাডমিন সেই অপশন নির্বাচন করে সংশ্লিষ্ট মিডিয়ায় লেবেল যুক্ত করতে পারবেন। এরপর বিষয়টি নিশ্চিত করলে লেবেলটি পোস্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
তবে এ ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ। একবার লেবেল যোগ করে নিশ্চিত করার পর সেটি পরবর্তী সময়ে সরিয়ে ফেলার সুযোগ নাও থাকতে পারে। তাই কোনো মিডিয়ায় লেবেল দেওয়ার আগে অ্যাডমিনদের বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ এই লেবেল?
এআই প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে বাস্তব ছবি ও কৃত্রিমভাবে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হচ্ছে। ভিডিওর ক্ষেত্রেও একই সমস্যা দেখা যাচ্ছে। ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি ও সম্পাদিত ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ায় কোনো কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না, তা জানা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগটি এ ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে সহায়ক হতে পারে। বিশেষ করে যেসব চ্যানেলে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করা হয়, সেসব কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না, তা দর্শকদের জানানো সহজ হবে।
কবে সবার জন্য চালু হবে?
ফিচারটির পূর্ণাঙ্গ রোলআউটের নির্দিষ্ট সময়সীমা এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ। কোন কোন দেশে এটি প্রথমে চালু হবে, সেটিও স্পষ্ট নয়। তাই কোনো আইফোন ব্যবহারকারীর অ্যাপে এখনই ‘এআই কনটেন্ট লেবেল’ অপশন দেখা না গেলে সেটি অস্বাভাবিক নয়।
পরীক্ষামূলক পর্যায় সফলভাবে শেষ হলে ধীরে ধীরে আরও ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫