আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৩২ মাসের অপেক্ষার পর আবারও শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। চলতি মাসে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন তিনি।
শানাকার প্রত্যাবর্তনে শ্রীলঙ্কার মিডল অর্ডারে অভিজ্ঞতা বাড়ল। ৭১টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার ৪৩ ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন। ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কুশল মেন্ডিস। তার ডেপুটি হিসেবে থাকবেন চারিথ আসালাঙ্কা।
টি-টোয়েন্টি দলেও ফিরেছেন আসালাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পাওয়া এই ব্যাটার লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবার জাতীয় দলে ফিরেছেন।
গল গ্ল্যাডিয়েটর্সের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আসালাঙ্কা। টুর্নামেন্টে ৩৮.৫০ গড়ে ৩৮৫ রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১৫৩.৩৮। চারটি অর্ধশতকও এসেছে তার ব্যাট থেকে। ইংল্যান্ড সফরের পুরো সময়ের জন্য তাকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন এলপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক লাহিরু উদারাও। টুর্নামেন্টে ৪৩৪ রান করা এই ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি ছিল ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে।
এ ছাড়া অলরাউন্ডার জনিথ লিয়ানাগে এবং দুই হাতে বল করতে পারা স্পিনার থারিন্দু রত্নায়েকেও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকা লাসিথ ক্রুসপুল্লে, পাভান রত্নায়েকে, মিলান রত্নায়েকে ও দিলশান মাদুশাঙ্কা এবার ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি।
আগামী ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। তিন ম্যাচের সিরিজের ম্যাচগুলো হবে সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে। এরপর ২২ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হবে চেস্টার-লে-স্ট্রিটে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে লিডস ও দ্য ওভালে।
শ্রীলঙ্কার ওয়ানডে দল
কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, থারিন্দু রত্নায়েকে, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্ডো।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৮