ডেস্ক নিউজ : এশিয়ার নোবেলখ্যাত মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ অর্জন করেছেন বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা রুনা খান। তিনি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।
সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের পাশাপাশি এবার আরও দুজন বিশিষ্ট ব্যক্তি এই পুরস্কার লাভ করেছেন—সিঙ্গাপুরের কূটনীতিক ও আইন বিশেষজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।
২০০২ সালে রুনা খানের হাত ধরে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সামাজিক উদ্দেশ্যভিত্তিক সংস্থা (এসপিও) ‘ফ্রেন্ডশিপ’। সংস্থাটির মূল লক্ষ্য দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত, পরিবেশগত দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং চরম দরিদ্র মানুষের মর্যাদা ও আশা নিয়ে বাঁচার সুযোগ সৃষ্টি করা। ২০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সামলে সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় কাজ করে আসছে।
ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের স্মৃতি রক্ষার্থে ১৯৫৭ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয় এবং ১৯৫৮ সাল থেকে তা প্রদান শুরু হয়। প্রতিবছর ৩১ আগস্ট র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মবার্ষিকীতে ম্যানিলা থেকে নতুন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর তাঁর ১১৯তম জন্মবার্ষিকীতে ৬৮তম ম্যাগসাইসাই পুরস্কারের উৎসব শুরু হলো।
সংগঠনটির মতে, ২০২৬ সালের বিজয়ীদের মূল কাজের ভিত্তি ছিল জনসেবা, সম্প্রদায়ের উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা তৈরিতে সহায়তা করা—যা সাবেক প্রেসিডেন্ট ম্যাগসাইসাইয়ের আদর্শের সাথে সংগতিপূর্ণ।
আগামী ১৫ নভেম্বর ম্যানিলার ঐতিহ্যবাহী মেট্রোপলিটন থিয়েটারে এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/সকাল ১১:২০