আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে সম্ভাব্য একটি বড় ধরনের ইরানি হামলা নস্যাতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের লারাক দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুটি রকেট লঞ্চারে সরাসরি বোমা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা দাবি করেন, রবিবার রকেট লঞ্চারগুলো থেকে হরমুজ প্রণালির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল আইআরজিসি। ঠিক সেই মুহূর্তেই এই হামলা চালানো হয়। তিনি জানান, মার্কিন বাহিনী ওই অঞ্চলের ওপর কড়া নজর রাখছে এবং আন্তর্জাতিক এই জলপথ দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।
হরমুজ প্রণালির এই উত্তেজনার মধ্যেই লোহিত সাগরেও সামরিক সংঘাত বেড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নৌবাহিনী লোহিত সাগর থেকে একটি বড় সামরিক চালান জব্দের দাবি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের দাবি, গত ২৪ আগস্ট জব্দ করা এই অস্ত্র ও সরঞ্জামগুলো মূলত ইরান তাদের মিত্র হুতিদের জন্য পাঠাচ্ছিল। এ নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে চালানের ভেতর ড্রোন তৈরি ও উন্নয়নের বিভিন্ন সরঞ্জাম দেখা গেছে। একইসঙ্গে, লোহিত সাগরে হুতিদের পরিচালিত একটি ড্রোন-নৌকাও আগাম হামলা চালিয়ে ধ্বংস করেছে ইয়েমেনি বাহিনী। কোনো জাহাজে হামলার আগেই এটি ধ্বংস করা হয় বলে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে।
সামরিক এই উত্তেজনার বিপরীতে কূটনৈতিক অঙ্গনে শান্তির বার্তা দিচ্ছে লেবানন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবানন সরকারের সঙ্গে ‘সুসম্পর্ক স্থাপনের’ গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে বৈরুত। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা সবসময় ইরানসহ বিশ্বের সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
এর আগে শনিবার তেহরানে লেবাননের সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের উপপ্রধান শেখ আলী আল-খতিবের সঙ্গে এক বৈঠকে লেবাননের জনগণ, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথা স্পষ্ট করেন আরাগচি।
কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/সকাল ১০:৪৫