আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হওয়া ৫ বছরের শিশু মনীষাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার কাঠমান্ডুর টিচিং হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
এর আগে, গত শুক্রবার রুসওয়া জেলার সিয়াব্রুবেসির কাছে উদ্ধারকাজ চালানোর সময় ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকারীরা। পরে তাকে কাঠমান্ডুর টিচিং হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মনীষার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তা সঞ্জু খাত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে একটি বিড়ালের ডাকের মতো শব্দ শুনতে পান। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে ধ্বংসাবশেষ সরাতে শুরু করেন তারা। একপর্যায়ে সেখানে মনীষার সন্ধান মেলে।
উদ্ধারকারীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত বের করে আনা হয়। তবে সে তখন প্রায় কোনো সাড়া দিচ্ছিল না। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে করে তাকে সরিয়ে নেয়া সম্ভব হয়নি। পরে উদ্ধারকারীরা তাকে তাদের উদ্ধার শিবিরে নিয়ে যান। সেখানে তাকে পানি পান করানো হয়। কিছুক্ষণ পর মনীষার জ্ঞান ফিরলে তাকে ভাতের মাড় খাওয়ানো শুরু করেন উদ্ধারকারীরা।
উদ্ধারকারীরা জানান, শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। শনিবার বিকেলে তাকে কাঠমান্ডুর টিচিং হাসপাতালের শিশু জরুরি বিভাগে ভর্তি করা হয়।
রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মনীষার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পরে হাসপাতালে তার সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন হয়। সূত্র: বিবিসি।
কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:১৯