আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতের কেরুংয়ে আকস্মিক বন্যার কারণে আটকে পড়া প্রায় ১ হাজার নেপালিকে বিকল্প পথে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
রবিবার নুয়াকোটের বিদুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুঙ্গেতে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোতেকোশী নদীর আকস্মিক বন্যার পর থেকে চীনের কেরুংয়ে প্রায় ১ হাজার নেপালি আটকে রয়েছেন। তাদের নিরাপদে নেপালে ফিরিয়ে আনতে বিকল্প পথ ব্যবহার করা হবে।
তিনি জানান, দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত চলাচল ও পরিবহন সহজ করতে সরকার চীনের কাছে সিন্ধুপালচোকের তাতোপানি ও মুস্তাংয়ের কোরালা চেকপয়েন্ট পুনরায় চালুর অনুরোধ জানিয়েছে।
জলবিদ্যুৎ টানেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে বিদেশি সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর চীন ও ভারতের কারিগরি বিশেষজ্ঞদের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান খানাল।
তিনি বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে অন্যান্য দেশের কাছ থেকেও সহায়তা নেয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় নেপালকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রয়োজনের ভিত্তিতেই সেই সহায়তা গ্রহণ করা হবে। সূত্র: নেপাল নিউজ।
কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৫৩