আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালির সংঘাতের সরাসরি ধাক্কা লেগেছে নিউজিল্যান্ডের শ্রমবাজারে। জ্বালানির আকাশছোঁয়া দামে ব্যবসার খরচ বেড়েছে। এর জেরে চাকরি হারাচ্ছেন হাজারো মানুষ। ক্রমবর্ধমান এই বেকারত্বের জন্য হরমুজ সংকটকেই সরাসরি দায়ী করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স।
‘স্ট্যাটস এনজেড’-এর বুধবারের তথ্যমতে, ২০২৬ সালের জুন প্রান্তিকে নিউজিল্যান্ডের বেকারত্বের হার বেড়ে ৫.৬ শতাংশে দাঁড়িয়েছে যা ২০১৪ সালের মার্চের পর সর্বোচ্চ। বর্তমানে দেশটিতে বেকার মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৬৬ হাজার ৫০০ জন। দীর্ঘমেয়াদি বেকারের সংখ্যা এক বছরে ৮ হাজার বেড়েছে। এছাড়া সার্বিক কর্মহীনতার হার ১২.৯ থেকে বেড়ে ১৩.৮ শতাংশ হয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে পিটার্স বলেন, আমরা শুরুতেই সতর্ক করেছিলাম , এই সংঘাত মূল্যস্ফীতি ও বেকারত্ব ভয়াবহভাবে বাড়াবে। ভূ-রাজনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক সিদ্ধান্তের ওপর নির্ভরতা কমাতে তিনি নিউজিল্যান্ডের নিজস্ব গভীর সমুদ্রের তেল-গ্যাস অনুসন্ধানের ওপর জোর দেন। এ জন্যই তার দল ১০০ কোটি ডলারের একটি জরিপের প্রস্তাব করেছে।
অর্থমন্ত্রী নিকোলা উইলিস জানিয়েছেন, নিয়োগকর্তাদের জন্য গত তিনমাস বেশ ‘কঠিন’ ছিল। তবে সরকার নির্মাণ প্রকল্প ও পর্যটনের মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা করছে।
নিউজিল্যান্ড তাদের জ্বালানির প্রায় ৬০ শতাংশই হরমুজ প্রণালি হয়ে আসা তেলের ওপর নির্ভর করে। আগামী ৪ নভেম্বর সাধারণ নির্বাচনের ঠিক তিন দিন আগে দেশটির পরবর্তী শ্রমবাজারের তথ্য প্রকাশ করা হবে।
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:০৯