ডেস্ক নিউজ : আপনার সন্তান কি রাতে ঘুমানোর সময় স্মার্টফোন ব্যবহার করছে? ক্ষতিকর জেনেও হয়তো আপনি কড়াকড়ি করছেন না। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই অভ্যাসের কারণেই আপনার সন্তান ভয়াবহ সাইবার বুলিংয়ের শিকার হতে পারে। তাই এখনই সন্তানের ‘স্ক্রিন টাইম’ বা ডিভাইস ব্যবহারের নিয়মে পরিবর্তন আনা জরুরি।
‘অ্যাক্টা পেডিয়াট্রিকা’ ও ‘জার্নাল অব অ্যাডোলেসেন্ট হেলথ’-এর জরিপে এমন উদ্বেগজনক চিত্র মিলেছে। প্রধান গবেষক ডা. জেসন নাগাতা জানান, যেসব শিশু রাতে বিছানায় ফোন ব্যবহার করে, তারা মারাত্মক আসক্তি ও সাইবার বুলিংয়ে জড়িয়ে পড়ে। তারা রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে গড়ে এক ঘণ্টা স্ক্রিনে কাটায়, যা ঘুম ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে।
শুধু রাতেই নয়, খাওয়ার সময় স্ক্রিন ব্যবহারও বিপদ ডাকছে। যারা খাওয়ার সময় স্ক্রিনে তাকিয়ে থাকে, তাদের সাইবার বুলিংয়ের শিকার হওয়া ও অতিরিক্ত ওজন বাড়ার ঝুঁকি বেশি। কারণ, তখন তারা পরিবারের সাথে যোগাযোগের সুযোগ হারায়।
সমাধান হিসেবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, শোবার ঘর ও খাওয়ার টেবিলকে সম্পূর্ণ ‘স্ক্রিন-ফ্রি জোন’ করা। মনোবিজ্ঞানী আন্না সিওয়াল্ড বলেন, এটাকে শাস্তি হিসেবে না দেখিয়ে পারিবারিক বন্ধন দৃঢ় করার উপায় হিসেবে তুলে ধরতে হবে। খাওয়ার সময় গল্পগুজব করে আনন্দদায়ক পরিবেশ তৈরি করা যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অভিভাবকদের নিজেদের ফোন ব্যবহারের অভ্যাস বদলানো। কারণ শিশুরা বড়দের দেখেই শেখে। জরুরি প্রয়োজনে ফোন ব্যবহার করলে সন্তানকে কারণটি বুঝিয়ে বলুন। আজই কার্যকর এই নিয়মগুলো চালু করলে আপনার সন্তানও সুরক্ষিত থাকবে, আর আপনিও নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। সূত্র : সিএনএন
কিউএনবি/অনিমা/০১ অগাস্ট ২০২৬,/রাত ৮:০৬