স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসব্যাপী উত্তেজনাপূর্ণ লড়াই শেষ হয়ে এসেছে শিরোপা নির্ধারণের মঞ্চে। রবিবার আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত ও নিউজিল্যান্ডের। তবে প্রশ্ন উঠেছে, যদি কোনো কারণে ফাইনাল ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে চ্যাম্পিয়ন হবে কোন দল?
বর্তমান পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় আহমেদাবাদের আবহাওয়া বেশ অনুকূলে থাকার কথা, বৃষ্টির সম্ভাবনাও কম। তবুও আবহাওয়া সব সময়ই অনিশ্চিত। তাই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইসিসির প্লেয়িং কন্ডিশনে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
নিয়ম অনুযায়ী, ম্যাচ নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা আছে, যাতে যেকোনো বিলম্ব কাটিয়ে ম্যাচ শেষ করার চেষ্টা করা যায়। পুরো ২০ ওভার খেলা সম্ভব না হলে ওভার কমিয়েও ম্যাচ সম্পন্ন করার চেষ্টা করা হবে।
টি-টোয়েন্টি ম্যাচে ফল নির্ধারণের জন্য সাধারণত ন্যূনতম ৫ ওভার করে খেলা প্রয়োজন। তবে সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে করা হয়েছে ১০ ওভার।
যদি সেদিনও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে খেলা গড়াবে নির্ধারিত রিজার্ভ ডেতে। রিজার্ভ ডেতেও অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা আছে এবং আগের দিন যেখানে খেলা থেমেছিল সেখান থেকেই ম্যাচ শুরু হবে।
তবে যদি রিজার্ভ ডেতেও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এখনও যৌথ চ্যাম্পিয়নের নজির নেই। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন ঘটনা ঘটেছে। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টানা দুই দিন বৃষ্টির কারণে খেলা শেষ করা যায়নি। শেষ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা, দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫২