ডেস্ক নিউজ : রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৯ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান।
তিনি বলেন, রাত ২টা ১০ মিনিটে বংশালে বিএনপি অফিসের পাশে চারতলা ভবনের নিচতলায় আল নাসির মিষ্টির দোকানে আগুনের সংবাদ আসে। পরে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/সকাল ৬:৪৯