বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণদের দিয়ে গড়া দলটির এমন সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদে স্থাপিত কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা বুঝতে পারি, এটা তাদের একটি রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা (এনসিপি) সনদে স্বাক্ষর করবে।’

এর আগে এনসিপির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়ে তিনটি দাবি তুলে ধরেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সেগুলো হলো—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে; জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জারি করবেন; গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে। সংস্কার সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান-২০২৬’।

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, সনদ স্বাক্ষরের বিষয়ে এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করা হবে। একইসঙ্গে সরকারের বিভিন্ন উইংয়ের মাধ্যমে দলটিকে বোঝানোর চেষ্টা করা হবে।

এছাড়াও স্বাক্ষর অনুষ্ঠানের পরই দ্রুত বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

আলী রীয়াজ বলেন, ‘কমিশন আগেই বলেছে সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের সুপারিশ যত দ্রুত সম্ভব সরকারকে দেবে। আমরা আশা করি, তারা সনদে স্বাক্ষর করবে।’

জুলাই জাতীয় সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে মাত্র একটিতে এনসিপির ‘নোট অব ডিসেন্ট’রয়েছে। তাদের এই অবস্থানকে ইতিবাচক বলে মনে করে কমিশন। কারণ, দলটি চায় আগামী নির্বাচনে ১৫ শতাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচন, যেখানে কমিশনের প্রস্তাবে ৫ শতাংশ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে।

আলী রীয়াজ বলেন,‘আমাদের প্রস্তাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে তাদের ভিন্নমত নেই। এটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।’

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit