সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

পাকিস্তানকে হারানোর ভালো সুযোগ আছে বাংলাদেশের, বিশ্বাস সিমন্সের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। তার ঠিক পরই পাকিস্তান সফরে গেল দল। সহযোগী দেশ আমিরাতের বিপক্ষে ওই হার পাকিস্তান সিরিজে বাংলাদেশকে জাগিয়ে তুলবে, এমনটাই বিশ্বাস করেন কোচ ফিল সিমন্স।

তিনি আরও জানান, আমিরাতের কাছে ওই হারের পরও মনোবল ভালোই আছে দলের। তিনি বলেন, ‘মনোবল দারুণ, খুব ভালো মানসিকতায় আছে ওরা। আমি মনে করি, এই সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে। লোকে বলতেই আছে, পাকিস্তান খুব ভালো ফর্মে নেই। তবে ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে কী হয়। আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জয়ের।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচ শন টেইট এই সিরিজ দিয়ে বাংলাদেশের কোচিং প্যানেলে ঢুকলেন। তাকে নিয়ে সিমন্সের অভিমত, ‘আমি মনে করি, শট টেইট দারুণ এক সংযুক্তি। শুধু বোলারদের জন্যই নয়, গোটা দলের জন্যও।’

বাংলাদেশের কোচিং প্যানেলের দুজন, শন টেইট ও মুশতাক আহমেদ সদ্য শেষ হওয়া পিএসএলে কোচিং করিয়েছেন। করাচি কিংসের কোচ ছিলেন টেইট, আর পেশোয়ার জালমি দলে ছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক। তাদের কাছ থেকে সার্বিক ধারণা নিয়ে সিরিজের পরিকল্পনা সাজাবেন সিমন্স।

তিনি বলেন, ‘মাত্রই এসেছি আমরা, কন্ডিশন পর্যালোচনা করব। আমাদের এখানে শন (টেইট) যোগ দিয়েছে, যে পিএসএলে ছিল। মুশি (মুশতাক) পিএসএলে ছিল। ওদের কাছ থেকে ধারণা পাব এবং সেভাবে সিদ্ধান্ত নেব।’

পাকিস্তানের এই সিরিজের দলে নেই শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞরা। তবে সেসব না ভেবে যারা আছেন তাদের নিয়েই ভাবছেন সিমন্স। তিনি বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণরা আছে। সবসময়ই কেউ না কেউ থাকেই, নিজেকে যে মেলে ধরতে চায়। কাউকেই তাই হালকা করে দেখার সুযোগ নেই। ওরা না থাকলেও ১১ জনের বিপক্ষেই খেলতে হবে আমাদের। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

পাকিস্তানকে বাংলাদেশ সবশেষ হারিয়েছে সেই ২০১৬ সালে। সে খরাটা কাটানোর এবারই সেরা সুযোগ, মনে করেন সিমন্স। তিনি বলেন, ‘পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না, জানি না। তবে আমাদের সেরাটা খেলার সময় অবশ্যই। সিরিজ জিতলে জিতব। তবে পাকিস্তান সবসময়ই বিপজ্জনক দল। নিশ্চিত ধরে নেওয়ার কিছু নেই।’

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit