স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও অধিনায়ক হিসেবে লেটার মার্কই পাবেন লিটন দাস। তার নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টির দুইবারের চ্যাম্পিয়নদের তাদের মাটিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ। অথচ, এই দলটিই ধবলধোলাই হয়েছে ওয়ানডেতে।
তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৯ রান করার পর ৮০ রানের রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। বছর শেষ করেছে জয় দিয়ে। স্বাভাবিকভাবেই এমন জয়ে উচ্ছ্বসিত পুরো দল। এমন দলের অধিনায়ক হিসেবে লিটন দাসের খুশিটা যেন একটু বেশিই। ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও তাই দলের জয়ে উচ্ছ্বসিত তিনি।
ম্যাচ শেষে ক্রিকেটারদের ভালো খেলার মন্ত্র হিসেবে তিনি জানান, ‘আপনি যদি দেখেন আমরা টেস্ট এবং ওয়ানডেতেও ভাল খেলেছি। দুর্ভাগ্যবশত, আমরা ম্যাচ জিততে পারিনি, তবে আমরা ভাল ক্রিকেট খেলেছি। তাই আমাদের এই সিরিজেও ভালো খেলার আত্মবিশ্বাস ছিল।’
অধিনায়ক হিসেবে দলের ক্রিকেটারদের প্রতি সিরিজের আগে তার বার্তা নিয়ে লিটন বলেন, ‘আমি সবসময় ছেলেদের বলি। চাপ নেবেন না; শুধু খেলা উপভোগ করুন। কারণ আমরা জানি আমাদের খুব ভালো বোলিং ও ব্যাটিং বিভাগ রয়েছে। আমরা জানি, যদি আমরা ভালো স্কোর করতে পারি, তাহলে সেটা ডিফেন্ডও করতে পারব।’
কোচ ফিল সিমন্সকে নিয়ে লিটন বলেন, ‘তিনি কখনোই আমাদের চাপ দেন না। আমরা নিজেরা স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারি। আমি আমাদের সিদ্ধান্ত এবং সবকিছু ব্যাখ্যা করেছি। শুধু তিনিই নন, সমস্ত কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের লোকরাও তাদের কাজের ছাপ রাখছে। তারা আমাদের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করছে। আমাদের কাজগুলো সহজ করে দিচ্ছে।’
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০০