মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নিঃসন্তান দুই বিধবার সম্পত্তি দখলের চেষ্টা পালিত মেয়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : রংপুরের মিঠাপুকুরে নিঃসন্তান এক পরিবার জাহানারা নামে এক কন্যাসন্তান দত্তক নিয়ে চরম বেকায়দায় পড়েছে। ওই মেয়ে ও প্রভাবশালী চক্র মিলে দুই বিধবার সম্পত্তি দখলের চেষ্টা করছেন। ইতোমধ্যে বেশকিছু জমি দখলে নিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে।

সরেজমিন জানা গেছে, হেলেঞ্চা গ্রামের স্কুলশিক্ষক আবু হানিফের প্রথম ও দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান জন্ম হয়নি। নিঃসন্তান আবু হানিফ দম্পতি প্রতিবেশীদের পরামর্শে ৭ বছর বয়সি একটি কন্যাসন্তান দত্তক নেন। সেই কন্যাকে বড় করে পাশের উচা বালুয়া গ্রামে শাহিন মিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ দেন। বেশ সুখেই ছিল পরিবারের সবাই; কিন্তু সমস্যার সৃষ্টি হয় স্কুলশিক্ষক আবু হানিফের মৃত্যুর পর। উদার মানসিকতার সেই স্কুলশিক্ষক মৃত্যুর মাস তিনেকের মধ্যে পালিত কন্যা জাহানারা বেগম ওরফে সোমা বানু সবকিছু ভুলে নিজ স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেন। তার লালন-পালনকারী দুই মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। 

এমনকি তার আসল পিতৃপরিচয় অস্বীকার করে দত্তক বাবাকেই নিজের পিতা বানিয়ে কাগজপত্র তৈরি করেছেন। সম্পদের লোভে জাহানারা থেকে নাম বদলে হয়েছেন সোমা বানু। খোঁজ নিয়ে জানা যায়, জাহানারা বেগমের নিজের বাবার নাম মৃত খুদু মিয়া। মায়ের নাম অনজিলা বেগম কিন্তু পালিত মেয়ে জাহানারা কৌশলে জাতীয় পরিচয়পত্র এবং বিয়ের কাবিননামায় আসল পিতামাতার নাম পরিচয় গোপন করে পালিত বাবা আবু হানিফ ও মায়ের নাম আমেনা খাতুন ব্যবহার করেন। অথচ আমেনা খাতুন নামে আবু হানিফের কোনো স্ত্রী নেই। জালিয়াতির মাধ্যমে এ কাজে সহযোগিতা করেন আবু হানিফের ছোট ভাই আইয়ুব আলীর ছেলে লাল মিয়া। লাল মিয়া ও জাহানারা বেগম মিলে এলাকার একটি চক্র তৈরি করেছেন। তারা দুই বিধবার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। ইতোমধ্যে ৬০ শতক জমি নিজেদের কব্জায় নিয়েছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, লাল মিয়ার সহযোগিতায় জাহানারা বেগম দুই বিধবাকে বাড়ি থেকে বের করে সম্পত্তি দখলের চেষ্টা করছেন। লাল মিয়া চালাক ধরনের মানুষ। সে জাহানারা বেগমকে ব্যবহার করছে। লাল মিয়া বলেন, আমার চাচা আবু হানিফ মৃত্যুর সময় আমেনা বেগমকে বিয়ের কথা বলে গেছে। সেই আমেনার ঘরের সন্তান সোমা বানু (জাহানারা)। সেই হিসেবে সে সম্পত্তি পায়। তার ওই সম্পত্তি থেকে আমি ৬০ শতক জমি ক্রয় করেছি।

প্রতিবেশী মনছুর আলী বলেন, আবু হানিফের দুই স্ত্রী। আমেনা বেগম কখনই তার স্ত্রী নয়। আমরা কোনদিন তাকে দেখিনি, শুনিনি। মূলত সম্পত্তি দখলের জন্য আমেনা বেগমকে নিজের মা সাজানো হচ্ছে। এসবের পরিকল্পনা করছেন লাল মিয়া। ভাতিজা ফজলুল হক বলেন, লাল মিয়া ও জাহানারা বেগমের সাথে এলাকার কিছু প্রভাবশালী জড়িত। তারা বিধবাদের সম্পত্তিগুলো দখলে নিতে নানাভাবে পরিকল্পনা করছে।

পালিত কন্যা জাহানারা বেগম ওরফে সোমা বানু বলেন, আমার মা আমেনা বেগমের সন্তান আমি। আমার মা কখন আমার বাবার বাড়িতে আসেনি। আমি তাকে দেখিনি কিন্তু আমার বাবা বলে গেছেন, আমেনা বেগম আমার মা। সেই হিসেবে আমি সম্পত্তির মালিক। লাল মিয়ার কাছে জমি বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লাল মিয়া কিছু জমি লিখে নিয়েছে। তিনি আমার পক্ষে আছেন।

আবু হানিফের প্রথম স্ত্রী মরজিনা (৬৫) বেগম বলেন, আমার বিয়ের পর সন্তান না হওয়ার এক মেয়েকে দত্তক নেই। সেই মেয়ে ও লাল মিয়া মিলে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করছেন। আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের কেউ নেই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আবু হানিফের দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগম (৪৫) বলেন, আমরা দুই সতিন। আমাদের কোনো ছেলে-মেয়ে নেই। এক মেয়েকে দত্তক নিয়ে বিয়ে দেওয়া হয়েছে। সে এখন সম্পত্তি দখলের চেষ্টা করছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, দুই বিধবার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit