আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগর উপকূল বরাবর বড় ধরনের ভূখণ্ড দখলের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখন দেশটির দক্ষিণাঞ্চলীয় কৌশলগত বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর এডেনের দিকে অগ্রযাত্রা ইয়েমেনের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান থেকে সৌদি-সমর্থিত বাহিনী সরে যাওয়ায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে হুতিদের প্রভাব ও দরকষাকষির ক্ষমতা আরও বেড়ে যাওয়ার উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে রাজধানী সানা এবং লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ অংশসহ ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকাই হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। গত সেপ্টেম্বরে হুতিরা কৌশলগত মোখা বন্দর এবং লোহিত সাগরের বেশ কয়েকটি দ্বীপ দখল করে নেয়। পরবর্তীতে সরকারি বাহিনী উপকূলীয় কিছু অবস্থান পুনরুদ্ধার করলেও, চলতি মাসে হুতিরা এডেনের দিকে অগ্রসর হতে থাকায় বাব আল-মান্দেব সংলগ্ন এলাকাগুলো থেকে তারা পিছু হটতে বাধ্য হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে উদ্ধৃত সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর মতে, হুতিদের বর্তমান অবস্থান এডেন শহর থেকে আনুমানিক ৬০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। তবে শহরের পশ্চিম প্রান্তে সরকারি বাহিনী তাদের অবস্থান জোরদার করেছে এবং সেখানে এখনো লড়াই চলছে।
আনুষ্ঠানিকভাবে ‘আনসার আল্লাহ’ নামে পরিচিত হুতি গোষ্ঠীটি উত্তর ইয়েমেনে কেন্দ্রীয় সরকার এবং সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরোধিতা করে গড়ে উঠেছিল। ২০১৪ সালে তারা রাজধানী সানা দখল করলে এর পরের বছরই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির ফলে সংঘাত অনেকটা কমে এসেছিল। কিন্তু গত জুলাই মাসে হুতিদের একটি প্রতিনিধিদল বহনকারী ইরানি বিমানের অবতরণ ঠেকাতে ইয়েমেনি সরকারি বাহিনী সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালালে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই ঘটনার জন্য হুতিরা সৌদি আরবকে দায়ী করে এবং এর প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
২০১৪ সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ হারানোর পর থেকে এডেন শহরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১২ লাখেরও বেশি মানুষের বসবাসরত এই মহানগরীটি দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশের একটি প্রধান কেন্দ্র। এডেন শহরটি বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত, যে সংকীর্ণ জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর আগে ২০১৫ সালে হুতিরা স্বল্প সময়ের জন্য এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছিল, তবে জোট বাহিনীর বিমান হামলা এবং স্থানীয় যোদ্ধাদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এদিকে, চলমান পরিস্থিতির মধ্যে গত বুধবার ইয়েমেন সরকার একটি আইন পাস করে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে এবং এই আন্দোলনের প্রতি যেকোনো ধরনের সমর্থনকে অপরাধ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে।
হুতির এই অগ্রযাত্রা সৌদি আরবের জন্য সরাসরি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা সৌদি আরবকে এর আগেও নিজেদের শহর, বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামোর ওপর হুতির দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হয়েছে। সাম্প্রতিক এই ভূখণ্ড হারানোর প্রেক্ষাপটে রিয়াদ চলতি সপ্তাহে ইয়েমেনে নিযুক্ত তাদের জোট বাহিনীর কমান্ডারকে পরিবর্তন করেছে। গত মঙ্গলবার জোট বাহিনীর যুদ্ধবিমান ইয়েমেনের চারটি প্রদেশে হুতিদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও ভূগর্ভস্থ স্থাপনাসহ ৬০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বার্তা সংস্থা এপির তথ্যমতে, হুতি জানিয়েছে যে বৃহস্পতিবারের পরবর্তী বিমান হামলায় মোখা ও তাইজ শহরে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, হুতিরাও তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। বৃহস্পতিবার রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন, ৩৮৫ মিটার উচ্চতার ‘পিআইএফ টাওয়ার’ হুতিদের সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনটির বেশ কয়েকটি তলা এবং আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত ৮ নভেম্বর সৌদি তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলায় ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া চলতি সপ্তাহের শুরুর দিকে সৌদি আরবের একটি রাডার স্থাপনায় হামলার দাবিও করেছে গোষ্ঠীটি। সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা চালানো হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। তবে হুতিবিরোধী শিবিরের অভ্যন্তরীণ বিভাজন সৌদি জোটের সামরিক অভিযানকে আরও জটিল করে তুলেছে। রিয়াদ যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে, সেখানে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে মদদ দিচ্ছে। চলতি বছরের শুরুর দিকে এই দুই উপসাগরীয় শক্তি ইয়েমেনে তাদের নিজ নিজ মিত্রদের স্বার্থ নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল।
হুতির এই অগ্রগতি বৈশ্বিক নৌ-বাণিজ্যে নতুন করে বড় ধাক্কার আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি মিসরের সুয়েজ খাল হয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে প্রধান নৌ-বাণিজ্য পথের অংশ। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালির গুরুত্ব আরও বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য লোহিত সাগরের এই পথের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।
হুতিরা গত জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলার হুমকি দেয়। তাদের সাম্প্রতিক এই ভূখণ্ড দখল উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর প্রধান রপ্তানি পথে প্রবেশাধিকারকে আরও কঠিন করে তুলতে পারে। ‘লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স’-এর তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে ১ হাজার ৩৬০টিরও বেশি জাহাজ চলাচল করেছে। সেপ্টেম্বরের তুলনায় জাহাজ চলাচল কিছুটা বাড়লেও তা লোহিত সাগর সংকট শুরুর আগের সময়ের তুলনায় ৪৬ শতাংশ কম। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড’-এর রেকর্ড অনুযায়ী, ১৪ থেকে ১৫ নভেম্বরের সপ্তাহান্তে এই প্রণালি দিয়ে ৯৭টি জাহাজ পার হয়েছে, যা তার আগের সপ্তাহান্তের ১১৫টি জাহাজের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। প্রণালিটি এখনো খোলা থাকলেও ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি বাড়লে আরও বেশি জাহাজ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথে যাতায়াত করতে বাধ্য হবে। এর ফলে পণ্য পরিবহনের সময় ও বিমা খরচ বেড়ে যাবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি হবে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেন সরকারকে কোণঠাসা করতে হুতিদের হয়তো সরাসরি এডেন শহর দখল করার প্রয়োজনও পড়বে না বরং তারা শহরটি চারদিক থেকে ঘিরে ফেলে সরবরাহ পথ বন্ধ করে দিতে পারে এবং বন্দরের দিকে আসা জাহাজগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী করিম সাদের ‘ফ্রান্স ২৪’-কে জানিয়েছেন, ব্যয়বহুল সরাসরি হামলার চেয়ে শহরটি অবরোধ করে রাখাই হুতিদের জন্য বেশি সম্ভাব্য কৌশল। নিরাপত্তা বিশ্লেষক আলী আল শাবানি ‘দ্য ন্যাশনাল’-কে একই ধরনের মূল্যায়ন জানিয়ে বলেছেন, এডেনকেও তাইজ শহরের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে, যেখানে লড়াইয়ের কারণে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ শহর ছেড়ে বের হতে পারছে না।
এদিকে ইউনিসেফ চলতি সপ্তাহে সতর্ক করে জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই সংঘাতের কারণে ১ লাখ ৭৪ হাজার শিশুসহ ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাইজ শহরে ৮ লাখেরও বেশি মানুষ মানবিক সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে খাদ্য ও জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। সব মিলিয়ে, এডেনের নিয়ন্ত্রণ হারালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলে তাদের প্রধান ঘাঁটিটি হারাবে। এর বিপরীতে দেশের উপকূলীয় অঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে এবং ভবিষ্যতের যেকোনো শান্তি আলোচনায় তারা অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে।
সূত্র: আরটি
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/দুপুর ২:৩৩