স্পোর্টস ডেস্ক : গত মৌসুম শেষেই বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়েছিল মার্কো রিউসের। ৩৫ বছর বয়সী তারকা তাই এতোদিন ক্লাবহীন ছিলেন। তবে নতুন মৌসুম শুরুর আগেই পরবর্তী গন্তব্য ঠিক করে ফেলেছেন রিউস। এই জার্মান তারকার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এল এ গ্যালাক্সি। রিউসকে দলে ভেড়াতে সম্মত হয়েছে এল এ গ্যালাক্সি। এমন খবরই দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানো জানিয়েছেন, জুলাই মাসেই উভয় পক্ষের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে কিছু দরকষাকষি বাকি থাকায় কিছুটা অনিশ্চয়তা ছিলই। অবশেষে সেই শঙ্কাও দূর হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এল এ গ্যালাক্সির সঙ্গে চুক্তি করছেন রিউস। তবে চাইলেই চুক্তি নবায়নের সুযোগ থাকছে। চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে আজ বৃহষ্পতিবারই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রিউসের। একই দিনে মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
ডর্টমুন্ডের একাডেমিতে হাতেখড়ি রিউসের। তবে সিনিয়র ক্যারিয়ারের শুরুটা করেন রোট ওয়েইস আহলেনে। সেখান থেকে ২০০৯ সালে বরুশিয়া মনশেনগ্লাডবাখে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচে ৪১ গোল ও ২৮টি অ্যাসিস্ট করেন তিনি।২০১২ সালে ডর্টমুন্ডে ফিরে আসেন তিনি। এরপর গত একযুগে ক্লাবটির হয়ে ৪২৯টি ম্যাচ খেলেছেন তিনি। ডর্টমুন্ডের জার্সিতে ১৭০ গোল ও ১৩১টি অ্যাসিস্ট করে ক্লাবটির কিংবদন্তির তালিকায় নাম লিখিয়েছেন তিনি।
২০১১ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক রিউসের। তবে ইনজুরির কারণে ২০১৪ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ হারান তিনি। জার্মানির জার্সিতে ৪৮ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন রিউস।
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩০