আন্তর্জাতিক ডেস্ক : আট মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি প্রস্তাব দিয়েছেন। তিন ধাপের এই যুদ্ধবিরতির প্রস্তাবের প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং জনবহুল এলাকা থেকে ইসরায়েলের সেনা সরিয়ে নেওয়া হবে।
হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে এই যুদ্ধবিরতির প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে যুদ্ধ শেষ হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’
তিনি বলেন, ইসরায়েলি প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। সেখানে এমন একটি পর্যায়ের কথা বলা হয়েছে যাতে দখলদাররা তাদের জিম্মি ফিরে পাবে এবং পুনরায় যুদ্ধ শুরু করতে পারবে। আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি, এই জাতীয় কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
আবু জুহরি বলেন, (মার্কিন) নথিতে … আগ্রাসন বন্ধ বা সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো উল্লেখ নেই।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৩৬,৬৫৪ জন নিহত এবং ৮৩,৩০৯ জন আহত হয়েছে।
কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ১১:১৫