সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

অরুণাচল ঘিরে চীনের সামরিক তৎপরতা, উদ্বেগ ভারতের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অরুণাচল প্রদেশের সীমান্ত ঘিরে চীনের সামরিক তৎপরতা নতুন করে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে। সীমান্তের কাছাকাছি সেনা মোতায়েনের পাশাপাশি তিব্বতজুড়ে সড়ক, রেলপথ, বিমানঘাঁটি ও সামরিক স্থাপনা সম্প্রসারণ করছে বেইজিং। এর ফলে শুধু সীমান্তে সেনাসংখ্যা নয়, প্রয়োজনে কত দ্রুত অতিরিক্ত সেনা ও যুদ্ধসরঞ্জাম পৌঁছে দেওয়া সম্ভব, সেই সক্ষমতাও ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন হয়ে উঠছে।

সামরিক বিশ্লেষণে চীনের পিপলস লিবারেশন আর্মির অন্যতম শক্তি হলো কম্বাইন্ড আর্মস ব্রিগেড। পদাতিক সেনার পাশাপাশি এসব ব্রিগেডে কামান, সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা, নজরদারি, প্রকৌশল ও রসদ সরবরাহের ব্যবস্থা থাকে। প্রয়োজন অনুযায়ী হালকা, মাঝারি ও ভারী কাঠামোয় সাজানো যায় এসব ইউনিট। একটি ব্রিগেডে সাধারণত সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার সেনা থাকতে পারেন।

অরুণাচল সীমান্তে চীনের সামরিক ব্যবস্থাপনা একাধিক স্তরে সাজানো। সীমান্তের কাছাকাছি থাকা ইউনিটের পাশাপাশি তিব্বত সামরিক জেলার অধীন বাহিনীকে প্রয়োজনে অতিরিক্ত শক্তি হিসেবে ব্যবহার করা যায়। পরিস্থিতি জটিল হলে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীন অন্য ইউনিটও সেখানে পাঠানোর সুযোগ রয়েছে। অর্থাৎ, সীমান্তে সব সেনা স্থায়ীভাবে না রেখেও দ্রুত সামরিক চাপ বাড়ানোর সক্ষমতা ধরে রাখতে পারে চীন।

ভারতীয় সেনার ২০২৫-২৬ সালের বার্ষিক মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালে চীনের উত্তর সীমান্তে সেনা মোতায়েন কিছুটা কমিয়েছিল। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ১০টি কম্বাইন্ড আর্মস ব্রিগেডের সমপরিমাণ বাহিনী এবং প্রচলিত প্রশিক্ষণ এলাকায় আরও ১০টি ব্রিগেডের সমপরিমাণ সেনা ছিল। এই হিসাব গোটা ভারত-চিন সীমান্তের, শুধু অরুণাচল প্রদেশের নয়। একই মূল্যায়নে ভারতীয় সেনার প্রস্তুতিকেও শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে।

চীনের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক তিব্বতের দামশুং বিমানঘাঁটি। অরুণাচল সীমান্ত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার থেকে চার হাজার তিনশ মিটার উচ্চতায়। এর রানওয়ে প্রায় ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ। ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত বাণিজ্যিক উপগ্রহচিত্রে জুন মাসে সেখানে চারটি জে-২০ যুদ্ধবিমান দেখা যাওয়ার দাবি সামনে আসে। তবে সেখানে স্থায়ীভাবে কত বিমান বা কোন সামরিক ইউনিট মোতায়েন রয়েছে, তা নিশ্চিত নয়।

তিব্বতের সড়ক, রেল ও বিমান যোগাযোগব্যবস্থা চীনকে দ্রুত সেনা ও সরঞ্জাম সরানোর বাড়তি সুবিধা দিতে পারে। উচ্চ পার্বত্য এলাকায় দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এই অবকাঠামো বিশেষ গুরুত্বপূর্ণ।অন্যদিকে ভারতও সীমান্তবর্তী এলাকায় সড়ক, যোগাযোগ, নজরদারি ও রসদ সরবরাহব্যবস্থা উন্নত করছে। দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন সেনা মোতায়েন রাখা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হলেও স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে অভিজ্ঞতা এবং সীমান্তে সেনার উপস্থিতি গুরুত্বপূর্ণ সুবিধা।

সীমান্তে দুই দেশের সামরিক যোগাযোগও সংঘাত এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের সেপ্টেম্বরে তাসিং এলাকার উত্তেজনার পর ওয়াচা-দামাই এলাকায় দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বৈঠকের কথা সামনে আসে। সব মিলিয়ে, অরুণাচলে এখনই বড় সংঘাতের অনিবার্য কোনো ইঙ্গিত নেই। কিন্তু তিব্বতের সামরিক অবকাঠামো, দ্রুত সেনা সমাবেশের সক্ষমতা এবং বিমানশক্তির সম্প্রসারণ চিনকে দীর্ঘমেয়াদি চাপ তৈরির সুযোগ দিচ্ছে। ভারতের জন্য চ্যালেঞ্জ তাই শুধু সীমান্ত পাহারা নয়, সম্ভাব্য সংকটের মুহূর্তে দ্রুত ও ধারাবাহিকভাবে সামরিক প্রস্তুতি বজায় রাখা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit