ডেস্ক নিউজ : শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার করে একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’ প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ।
এর আগে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর করা হয়েছে। দেশের খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একইভাবে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।
কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৫