আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) থেকে শুরু হওয়া এ ভোট চলবে রোববার (১৭ মার্চ) পর্যন্ত। এতে সব ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৫ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে আরও ছয় বছর দীর্ঘায়িত করার জন্য শুক্রবার থেক তিন দিনব্যাপী প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে । ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, ‘আমাদের এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।’এছাড়াও এক ভিডিওবার্তায় পুতিন বলেছেন, ‘জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সব ভোটার একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বাধীন রাশিয়াকে দেখতে চায়। আর তা ভোট প্রয়োগের মাধ্যমেই সম্ভব।’
এদিকে রাশিয়া- ইউক্রেন সংঘাতের মধ্যেই রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভোট দিচ্ছেন সেখানকার নাগরিকরা। এবারের নির্বাচনে পুতিন ছাড়াও আর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউই পুতিনের সমালোচনা করেননি। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা যায়।
কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/দুপুর ১:১৪